
(১১ মাস আগে) ১১ জুন ২০২৫, বুধবার, ৫:০৪ অপরাহ্ন
ঢাকা, ২০২৫ — ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে ২০২৪ সালের ছাত্র-জনতার রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ব্যবসা বিভাগের অধ্যাপক ড. সায়মা ফেরদৌস ছিলেন এক গুরুত্বপূর্ণ নাম। শিক্ষার্থীদের অধিকার আদায়ের আন্দোলনে তিনি এক অভিভাবকের মতো পাশে দাঁড়িয়ে সাহস ও বলিষ্ঠতার সঙ্গে প্রতিবাদ চালিয়েছেন।
সম্প্রতি এক বেসরকারি টেলিভিশন টকশোতে ড. সায়মা ২০১৮ ও ২০২৪ সালের আন্দোলনের সময়ের কঠিন বাস্তবতা ও নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করেন। তিনি বলেন, “ফ্যাসিস্ট ও স্বৈরাচারী শাসকদের কাছে আমার কিছু চাওয়া-পাওয়ার ছিল না। ২০১৮ সালের নির্বাচনের আগে মিথ্যা মামলা দিয়ে প্রার্থীদের জেলে পাঠানো হত।”
আয়নাঘরের নির্মমতার স্মৃতিচারণ করে তিনি বলেন, “আমি মাঠে দাঁড়িয়ে দেখেছি কিভাবে কোর্টে মিথ্যা সাক্ষ্য দেওয়া হয়, এবং একজন অ্যাটর্নি জেনারেল আমার চোখের সামনে সত্য কথা বলার সাহস পায় না।”
ড. সায়মা আরও বলেন, “শিক্ষার্থীদের আন্দোলনের সময় তাদের তুলে নিয়ে যাওয়া, মারধর করা হতো। বলা হত, এরা বিএনপির লোক। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় ছাত্রদের ওপর নির্যাতন আমাকে মানুষের মতো বাঁচতে দেয়নি। চাকরি বাঁচাতে পারতাম, কিন্তু মানুষ হিসেবে মরতাম।”
তিনি ছাত্রলীগের পেটুয়া বাহিনীর হাতে শিক্ষার্থীদের নির্যাতনকেও তীব্রভাবে সমালোচনা করেন এবং বলেন, “একটি মেয়ের রক্তাক্ত ছবি দেখে আমি আর সহ্য করতে পারিনি, সরকারি মহল থেকে বলা হয়েছিল, ‘এদের জন্য ছাত্রলীগই যথেষ্ট’। আমি প্ল্যাকার্ড নিয়ে একাই রাজপথে দাঁড়িয়ে থেকে শান্তি পেয়েছি।”
ড. সায়মার এই সাহসী প্রতিবাদ শিক্ষার্থীদের অধিকার লড়াইয়ে এক আলোকবর্তিকা হিসেবে আজও আলোচিত।