
(১ বছর আগে) ১২ জুন ২০২৫, বৃহস্পতিবার, ৩:১৫ অপরাহ্ন
যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার বহুল প্রতীক্ষিত বাণিজ্যচুক্তি অবশেষে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে তিনি এই ঘোষণা দেন। খবর আনাদোলু এজেন্সির।
পোস্টে ট্রাম্প জানান, “চুক্তি হয়ে গেছে। যুক্তরাষ্ট্র পাবে মোট ৫৫ শতাংশ শুল্ক সুবিধা, আর চীন পাবে ১০ শতাংশ।” তিনি আরও লেখেন, “চীন আগাম ভিত্তিতে যুক্তরাষ্ট্রকে পূর্ণমাত্রায় ম্যাগনেট এবং প্রয়োজনীয় বিরল খনিজ সরবরাহ করবে।”
চুক্তির আওতায় চীনকে যুক্তরাষ্ট্রও কিছু সুবিধা দেবে বলে জানান ট্রাম্প, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে চীনা শিক্ষার্থীদের মার্কিন বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ। তিনি বলেন, “এটা সবসময়ই আমার ভালো লেগেছে।”
ট্রাম্প দুই দেশের সম্পর্ককে “দারুণ” বলে উল্লেখ করেন এবং জানান, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তিনি ঘনিষ্ঠভাবে কাজ করতে চান যাতে চীনা বাজার যুক্তরাষ্ট্রের বাণিজ্যের জন্য আরও উন্মুক্ত হয়। ট্রাম্প বলেন, “এটি উভয় দেশের জন্যই একটি বড় জয় হবে!”
প্রসঙ্গত, চলতি সপ্তাহেই যুক্তরাষ্ট্র ও চীনের ঊর্ধ্বতন কর্মকর্তারা লন্ডনে বৈঠকে বসেন শুল্ক ইস্যুতে। এর আগে এপ্রিল মাসে যুক্তরাষ্ট্র চীনের পণ্যের ওপর বড় ধরনের শুল্ক আরোপ করে। পরে মে মাসে দুই দেশ ৯০ দিনের জন্য সেই শুল্ক আংশিকভাবে প্রত্যাহারে সম্মত হয়।
চুক্তিটি এখন শুধুই দুই দেশের শীর্ষ নেতাদের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায়।