banglahour

ইংল্যান্ড সফরের প্রস্তুতি ম্যাচ ‘গোপন’ রাখল ভারত, কৌশলী গম্ভীরের চমক

খেলা | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১৩ জুন ২০২৫, শুক্রবার, ১২:২০ অপরাহ্ন

পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ সামনে রেখে ইংল্যান্ড সফরে নিজেদের একমাত্র প্রস্তুতি ম্যাচটিকে পুরোপুরি ‘গোপন’ রেখেছে ভারতীয় ক্রিকেট দল। ইউরোপীয় ফুটবল ক্লাবগুলোর মতো কৌশল অবলম্বন করে এ সিদ্ধান্ত নিয়েছে কোচ গৌতম গম্ভীরের টিম ম্যানেজমেন্ট। শুক্রবার (১৩ জুন) থেকে শুরু হওয়া চার দিনের ইন্ট্রা-স্কোয়াড ম্যাচটি হবে অফিশিয়ালি অনানুষ্ঠানিক, টিভিতে সম্প্রচার হবে না, ফার্স্ট-ক্লাস মর্যাদাও পাবে না, এমনকি কোনো স্কোরকার্ডও প্রকাশ্যে আসবে না—এ তথ্য নিশ্চিত করেছে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই।

এর মূল লক্ষ্য, প্রতিপক্ষ ইংল্যান্ড যেন ভারতের টিম কম্বিনেশন, ব্যাটিং অর্ডার কিংবা বোলিং পরিকল্পনা সম্পর্কে আগে থেকেই কিছু জানতে না পারে।

ভারত এর আগেও ২০২৪-২৫ বর্ডার-গাভাস্কার সিরিজের আগে অস্ট্রেলিয়ায় একই কৌশল নিয়েছিল, যদিও সেই সিরিজে তারা ৩-১ ব্যবধানে হেরে গিয়েছিল।

এই প্রস্তুতি ম্যাচটি হবে শুভমান গিলের অধিনায়কত্বে ভারতের নতুন টেস্ট দলের একমাত্র ম্যাচ-সিমুলেশন। আইপিএল ২০২৫ শেষ হতে দেরি হওয়ায় অনেকে ভারত-এ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে অংশ নিতে পারেননি। তাই এই ম্যাচেই তারা লাল বলের অভিজ্ঞতা নিচ্ছেন। ম্যাচটিতে ব্যাটিং লাইনআপ, বোলিং কম্বিনেশনসহ নানা কৌশল পরীক্ষা করে দেখা হবে।

ভারত-এ দলের কিছু খেলোয়াড় যারা মূল দলে জায়গা পাননি, তারাও এই ম্যাচে সুযোগ পেতে পারেন। ইনজুরি বা ফর্মজনিত কারণে যদি কাউকে বাদ দিতে হয়, তাহলে বিকল্প খুঁজে পেতেও এই ম্যাচ সহায়ক হবে।

টানা দুটি টেস্ট সিরিজ হারের পর কোচ হিসেবে গম্ভীরও চাপের মুখে আছেন। তবে তিনি খেলোয়াড়দের সাহস দিচ্ছেন। বলেছেন, “আমরা আমাদের সবচেয়ে অভিজ্ঞ তিনজন খেলোয়াড় ছাড়া খেলছি—তাই নয়, বরং আমাদের সামনে দেশের জন্য কিছু বিশেষ করার সুযোগ এসেছে।”

তিনি আরও বলেন, “আমি এই দলে ক্ষুধা, আগ্রহ ও প্রতিশ্রুতি দেখতে পাচ্ছি। যদি আমরা প্রতিটি সেশন, ঘণ্টা, বল ধরে লড়াই করি, তাহলে এটা হতে পারে এক অবিস্মরণীয় সফর।”

মূল টেস্ট সিরিজ শুরু হবে ২০ জুন, হেডিংলিতে। সিরিজটিতে ভারতের পারফরম্যান্সের ওপর নির্ভর করবে গম্ভীরের ভবিষ্যৎ কোচিং ক্যারিয়ারও।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল