
(১ বছর আগে) ১৪ জুন ২০২৫, শনিবার, ৮:১১ অপরাহ্ন
তেহরান/তেল আবিব, ১৪ জুন — মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে ইরান ও ইসরাইলের পাল্টাপাল্টি সামরিক অভিযানে। ইরান দাবি করেছে, তারা ইসরাইলের তিনটি এফ–৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে এবং আটক করেছে দুইজন পাইলটকে।
শনিবার (১৪ জুন) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ‘তেহরান টাইমস’ সেনাবাহিনীর বরাতে জানিয়েছে, সর্বশেষ একটি যুদ্ধবিমান শনিবার ভূপাতিত করা হয়েছে। এর আগের দিন আরও দুটি যুদ্ধবিমান গুঁড়িয়ে দেওয়ার দাবি করে তারা। তিন পাইলটের মধ্যে একজন নিহত হয়েছেন বলেও জানায় তেহরান।
এদিকে, গতকাল শুক্রবার ভোরে ইসরাইলের সামরিক বাহিনী বিমান ও ড্রোন হামলা চালায় ইরানের বেশ কিছু সামরিক ও পারমাণবিক স্থাপনায়। এই হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধানসহ পারমাণবিক কর্মসূচিতে যুক্ত অন্তত ৯ জন বিজ্ঞানী নিহত হয়েছেন বলে দাবি ইসরাইলের।
জাতিসংঘে নিযুক্ত ইরানি দূত জানিয়েছেন, এ পর্যন্ত ইসরাইলি হামলায় ইরানে ৭৮ জন নিহত ও ৩২০ জনের বেশি আহত হয়েছেন।
এর প্রতিক্রিয়ায় ইরান ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরাইলের বাণিজ্যিক রাজধানী তেল আবিবসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ শহরে পাল্টা হামলা চালায়।
শনিবার ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন এক সংবাদ সম্মেলনে বলেন, “আমরা বর্তমানে ইরানের একাধিক স্থাপনায় হামলা চালাচ্ছি।”
এই ঘূর্ণাবর্তের মতো পাল্টা হামলা-প্রতিহত হামলায় দুই দেশের মধ্যে পূর্ণমাত্রার যুদ্ধে রূপ নেওয়ার আশঙ্কা বাড়ছে বলে আশঙ্কা করছে আন্তর্জাতিক মহল।