banglahour

সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ বাতিলের দাবিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম, রোববার থেকে অর্থ মন্ত্রণালয় ঘেরাওর হুঁশিয়ারি

জাতীয় | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১৯ জুন ২০২৫, বৃহস্পতিবার, ১:৫৬ অপরাহ্ন

সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ বাতিলের দাবিতে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম। সময়ের মধ্যে দাবি আদায় না হলে রোববার (২২ জুন) থেকে অর্থ মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীরা।

বৃহস্পতিবার (১৯ জুন) টানা পঞ্চম দিনের মতো সচিবালয়ের ৪ নম্বর ভবনের সামনে বিক্ষোভ করেন তারা। এ সময় আন্দোলনকারীরা বসে পড়েন এবং ‘কালো আইন মানি না’, ‘অধিকার চাই’—এমন নানা স্লোগান দেন।

আন্দোলনে নেতৃত্ব দেন সংগঠনের কো-চেয়ারম্যান মো. বাদিউল কবির, মো. নুরুল ইসলাম এবং কো-মহাসচিব নজরুল ইসলামসহ অন্যান্য নেতারা।

জানা গেছে, ঈদের ছুটির পর সোমবার (১৭ জুন) থেকে আন্দোলনে ফের সক্রিয় হন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। মূলত সরকারি চাকরিজীবীদের শৃঙ্খলা বিধির চারটি ধারায় বিভাগীয় মামলা ছাড়াই চাকরিচ্যুতির সুযোগ রেখে ২৫ মে জারি হয় ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’। এটি ২২ মে উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন পেয়েছিল।

এই আইনকে ‘নিবর্তনমূলক’ ও ‘কালো আইন’ আখ্যা দিয়ে কর্মকর্তা-কর্মচারীরা ২৪ মে থেকে ধারাবাহিকভাবে আন্দোলন চালিয়ে আসছেন।

আন্দোলনকারীরা বলছেন, “এই আইন একজন কর্মকর্তার নিরাপত্তাহীনতা বাড়াবে এবং প্রশাসনিক স্বেচ্ছাচারকে উৎসাহিত করবে।”

সরকারি মহলে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে আন্দোলনের তীব্রতা ক্রমেই বাড়ছে বলে বিশ্লেষকরা মনে করছেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল