
(৯ মাস আগে) ১৯ জুন ২০২৫, বৃহস্পতিবার, ৭:৪১ অপরাহ্ন
পণ্য আমদানি ও রপ্তানির ক্ষেত্রে এখন থেকে সার্টিফিকেট, লাইসেন্স ও পারমিট (সিএলপি) ইস্যু ও সংগ্রহের পুরো প্রক্রিয়া বাধ্যতামূলকভাবে সম্পন্ন করতে হবে বাংলাদেশ সিংগেল উইন্ডো (BSW) অনলাইন সিস্টেমের মাধ্যমে। বৃহস্পতিবার (১৯ জুন) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানিয়েছে।
এনবিআর জানিয়েছে, আমদানি-রপ্তানিতে সংশ্লিষ্ট ১৯টি সরকারি সংস্থার ইস্যুকৃত সনদপত্র এখন থেকে শুধু ‘বিএসডব্লিউ’ প্ল্যাটফর্মে পাওয়া যাবে। ২০২৫ সালের ৩০ জুন থেকে এই নিয়ম কার্যকর হবে, এরপর আর কোনো বিকল্প মাধ্যমে সিএলপি ইস্যু করা হবে না।
প্রয়োজনীয় পদক্ষেপ:
আবেদনকারীকে বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার (BIN) ব্যবহার করে বিএসডব্লিউতে নিবন্ধন করতে হবে।
এরপর সিএলপি সম্পর্কিত সব কাজ (আবেদন, যাচাই, ইস্যু ও সংগ্রহ) অনলাইনে সম্পন্ন হবে।
এই উদ্যোগের সুবিধাগুলো:
একটি প্ল্যাটফর্মেই সব কাজ হওয়ায় সময় ও ব্যয় কমবে।
সরকারি কর্মকর্তাদের সঙ্গে সরাসরি যোগাযোগের প্রয়োজন না থাকায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।
দেশি-বিদেশি ব্যবসায়ীদের আস্থা বাড়বে এবং বিনিয়োগ-ব্যবসা প্রসারে সহায়ক হবে।
সম্পৃক্ত ১৯টি সংস্থা:
DGDA, EPB, DoEX, BNACWC, BEZA, BEPZA, DoE, BSTI, BAERA, BAEC, CAAB, BTRC, DOF, DLS, PQW, BIDA, BGMEA, BKMEA, CCI&E।
এনবিআর সবাইকে বিএসডব্লিউ সিস্টেমে নিবন্ধন ও এর ব্যবহারে সহায়তা করতে অনুরোধ জানিয়েছে। বিস্তারিত জানতে [হেল্পলাইন ১৬১৩৯] অথবা বিএসডব্লিউ ওয়েবসাইটে ভিজিটের আহ্বান জানানো হয়েছে।