
(১ বছর আগে) ২১ জুন ২০২৫, শনিবার, ৯:০৯ অপরাহ্ন
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সম্প্রতি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে ফোনে কথা বলেছেন। আলোচনায় দুই দেশের মধ্যে পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত আলোচনা দ্রুততর করার বিষয়ে একমত হয়েছেন তারা।
ম্যাক্রোঁ এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে জানান, “ইরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না। ইরানের দায়িত্ব, তাদের কর্মসূচি শান্তিপূর্ণ—এটি নিশ্চিত করতে যথাযথ প্রমাণ ও নিশ্চয়তা প্রদান করা।”
ম্যাক্রোঁ বলেন, ইউরোপীয় অংশীদারদের সঙ্গে যৌথভাবে চলমান আলোচনা আরও সক্রিয়ভাবে চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, “এই যুদ্ধ পরিস্থিতি থেকে উত্তরণের পথ রয়েছে এবং বড় কোনো বিপর্যয় এড়ানো সম্ভব।”
ফরাসি প্রেসিডেন্টের মতে, ইরানের পারমাণবিক কর্মসূচির স্বচ্ছতা ও শান্তিপূর্ণ উদ্দেশ্য প্রমাণে আন্তর্জাতিক পরিমণ্ডলে স্পষ্ট বার্তা দেওয়া জরুরি।
বিশ্লেষকদের মতে, ইরান-ইউরোপ সম্পর্কের ভবিষ্যৎ এবং মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার ওপর এই আলোচনার গতি নির্ভর করবে।