
(১ বছর আগে) ২৩ জুন ২০২৫, সোমবার, ১২:১৫ পূর্বাহ্ন
বিএনপির পক্ষ থেকে দায়ের করা একটি মামলার পরিপ্রেক্ষিতে সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকে ঢাকার একটি এলাকা থেকে ‘কথিত জনতা’ ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে। রোববার দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার কাছে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে গুলশান থানার পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, কে এম নুরুল হুদা তার ব্যক্তিগত গাড়িতে করে কোথাও যাচ্ছিলেন। এ সময় কয়েকজন ব্যক্তি তার গাড়ি থামিয়ে তাকে ‘জনবিচারে’ অভিযুক্ত করে পুলিশের উপস্থিতি না হওয়া পর্যন্ত আটক করে রাখে। পরে গুলশান থানার পুলিশ ঘটনাস্থলে এসে তাকে নিজেদের হেফাজতে নেয়।
গত সপ্তাহে বিএনপির পক্ষ থেকে ঢাকার একটি আদালতে সাবেক প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে একটি মামলা করা হয়। অভিযোগে বলা হয়, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বে থাকার সময় নুরুল হুদা ‘রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে নির্বাচনের ফলকে প্রভাবিত করেছিলেন’, যা গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ড হিসেবে গণ্য।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “এই ব্যক্তি বাংলাদেশের গণতন্ত্র ধ্বংসে প্রধান ভূমিকা পালন করেছেন। তার বিচার হওয়া সময়ের দাবি।”
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান বলেন, “আমরা তাকে জনতা কর্তৃক আটকের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিরাপত্তার স্বার্থে থানায় নিয়ে আসি। মামলার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজন হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
এ বিষয়ে সাবেক সিইসির পক্ষ থেকে সরাসরি কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে তার পারিবারিক সূত্র জানিয়েছে, তিনি বর্তমানে ‘মানসিকভাবে চাপে’ রয়েছেন এবং আইনজীবীদের সঙ্গে পরামর্শ করছেন।