banglahour

কিশোরগঞ্জে রেলওয়ে থানার ওসির বিরুদ্ধে হয়রানি অভিযোগ

অপরাধ | সোহেল চৌধুরী, প্রতিনিধি, কিশোরগঞ্জ।

(১ বছর আগে) ২৪ জুন ২০২৫, মঙ্গলবার, ৭:০৪ অপরাহ্ন

কিশোরগঞ্জ রেলওয়ে থানার (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন মিয়ার বিরুদ্ধে হয়রানি, ভয়ভীতি প্রদর্শন ও উৎকোচ গ্রহণের অভিযোগ করেছেন ময়মনসিংহের আঠারবাড়ি এলাকার এক ভুক্তভোগী।

ভুক্তভোগী রতন মিয়া, উত্তর বনগাঁও গ্রামের বাসিন্দা, অভিযোগ করে বলেন— রেলওয়ে সীমানা থেকে সাত ফুট দূরে তার মালিকানাধীন জমিতে দশ বছর আগে তিনি দুটি রেন্ট্রি গাছ রোপণ করেছিলেন। দীর্ঘ সময় গাছগুলো নিয়ে রেলের পক্ষ থেকে কোনো আপত্তি না থাকলেও, সম্প্রতি ঘর নির্মাণের প্রয়োজনে তিনি গাছ দুটি কেটে ফেলেন।

এরপর গত ১৯ জুন, রেলওয়ে থানার দু’জন পুলিশ সদস্য তার বাড়িতে এসে গাছ কাটার অভিযোগে তাকে থানায় যেতে বলেন। পরদিন ২০ জুন, রতন মিয়া তার প্রতিবন্ধী স্ত্রী কমলা খাতুন ও জামাতা দীন ইসলামকে নিয়ে থানায় যান।

রতনের অভিযোগ, থানায় পৌঁছানোর পর ওসি লিটন মিয়া তাদের বিরুদ্ধে মামলা ও জেল-জরিমানার ভয় দেখিয়ে ৫ ঘণ্টা আটকে রাখেন। এ সময় ওসি তাদের কাছে ১০ হাজার টাকা উৎকোচ দাবি করেন। অনুনয়-বিনয়ের পর ওসি জোর করে তার কাছে থাকা ৫ হাজার টাকা আদায় করেন এবং পরে তাদেরকে ছেড়ে দেন।

এ বিষয়ে ওসি লিটন মিয়া বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন ও কাল্পনিক। এটি একটি উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার।”

অভিযোগের বিষয়ে ঢাকা বিভাগীয় রেলওয়ে পুলিশের সুপার আনোয়ার হোসেন জানান, “আমার কাছে কেউ এখনো লিখিত অভিযোগ দেয়নি। কেউ অভিযোগ করলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এদিকে স্থানীয়দের অভিযোগ, আঠারবাড়ি রেলস্টেশন এলাকা ও সংলগ্ন স্থানে রেলের জমির নামে সাধারণ মানুষকে অহেতুক হয়রানি করা হচ্ছে। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল