banglahour

খুলনায় এসআই সুকান্ত দাশকে মারধর, পরে পুলিশ হেফাজতে

অপরাধ | খুলনা ব্যুরো প্রধান

(১ বছর আগে) ২৪ জুন ২০২৫, মঙ্গলবার, ১১:৪৬ অপরাহ্ন

খুলনার ইস্টার্ন গেট এলাকায় বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের সাব-ইন্সপেক্টর (এসআই) সুকান্ত দাশকে জনতা মারধর করেছে। পরে তাকে উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেন বিএনপির সিনিয়র নেতারা।

ঘটনাটি ঘটে মঙ্গলবার (২৪ জুন) বিকাল সোয়া ৪টার দিকে। বর্তমানে তিনি খুলনার খানজাহান আলী থানা পুলিশের হেফাজতে রয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ইস্টার্ন গেট এলাকায় বিএনপির একটি পূর্বঘোষিত কর্মসূচি চলছিল। এ সময় একটি সিএনজি চালিত থ্রি-হুইলারে চড়ে ঘটনাস্থলে যাচ্ছিলেন এসআই সুকান্ত দাশ। থ্রি-হুইলারটি জনসমাগমের মধ্যে দাঁড়ালে উপস্থিত বিএনপি কর্মীদের নজরে পড়েন তিনি। এরপর কয়েকজন কর্মী তাকে গাড়ি থেকে জোরপূর্বক নামিয়ে মারধর শুরু করে।

তবে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন উপস্থিত বিএনপির জ্যেষ্ঠ নেতারা। তারা এসআই সুকান্তকে উত্তেজিত কর্মীদের হাত থেকে উদ্ধার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেন।

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, “নিরাপত্তাজনিত কারণে এসআই সুকান্ত দাশকে বর্তমানে থানা হেফাজতে রাখা হয়েছে।”

উল্লেখ্য, সম্প্রতি বিএনপি নেতাকর্মীদের নির্যাতনের অভিযোগে এসআই সুকান্ত দাশের বিরুদ্ধে একাধিক মামলা করা হয়। অভিযোগ রয়েছে, রাজনৈতিক কর্মসূচি দমনে তার ভূমিকায় ভুক্তভোগীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছিল।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল