banglahour

জালালাবাদ গ্যাস ও লাফার্জহোলসিমের মধ্যে চুক্তি: জ্বালানি নিশ্চিতে নতুন দিগন্ত

জাতীয় | ডেস্ক রিপোর্ট

(১ বছর আগে) ২৪ জুন ২০২৫, মঙ্গলবার, ১১:৫৮ অপরাহ্ন

বাংলাদেশের জ্বালানি খাতে এক নতুন মাইলফলক স্পর্শ করল আজ। জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড (জেজিটিডিএসএল) এবং লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি’র মধ্যে দুটি গ্যাস সরবরাহ চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যার আওতায় আগামী ১০ বছর লাফার্জহোলসিমকে প্রতিদিন ১৬ মিলিয়ন ঘনফুট হারে গ্যাস সরবরাহ করা হবে।

আজ (২৪ জুন) ঢাকার বিদ্যুৎ ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষরিত হয়। শিল্প শ্রেণি ও ক্যাপটিভ পাওয়ার শ্রেণির জন্য পৃথক এই দুই চুক্তিতে লাফার্জহোলসিমের পক্ষে স্বাক্ষর করেন প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল চৌধুরী এবং জালালাবাদ গ্যাসের পক্ষে স্বাক্ষর করেন কোম্পানি সচিব জিতেন্দ্র কুমার দাস।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন ইউরোপীয় ইউনিয়নের হেড অফ ডেলিগেশন মাইকেল মিলার, সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেঙ্গলি, স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিসতিয়াগা ওচোয়া দ্য চিনছেক্র, পেট্রোবাংলার চেয়ারম্যান রেজানুর রহমানসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, “এই চুক্তি বাংলাদেশের জ্বালানি খাতে এক নতুন দিগন্ত উন্মোচন করবে। তবে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে মূল্য নির্ধারণের বিষয়টি গুরুত্বপূর্ণ, ভর্তুকিনির্ভর নীতির পরিবর্তে বাস্তবমুখী সিদ্ধান্ত নেওয়া হবে।”

তিনি আরও বলেন, “চুক্তির আওতায় দুটি নতুন বিষয় সংযুক্ত করা হয়েছে— নতুন মূল্য কাঠামো ও বার্ক (BARC) এর অধীনে গ্যাসমূল্য নির্ধারণ ব্যবস্থা, যা গ্যাসের দামের স্বচ্ছতা ও স্থিতিশীলতা নিশ্চিত করবে।”

ইরান-ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি প্রসঙ্গে জ্বালানি উপদেষ্টা বলেন, যুদ্ধ দীর্ঘস্থায়ী না হলে স্বল্প মেয়াদে গ্যাস-তেলের মূল্য বাড়ানোর পরিকল্পনা নেই। তিনি জানান, সরকারের শর্ট টার্ম ও লং টার্ম দুই ধরনের জ্বালানি চুক্তি রয়েছে, যার ফলে সরবরাহ ব্যবস্থা নিরাপদ রয়েছে।

বিডার চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বলেন, “বর্তমানে বৈশ্বিকভাবে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (FDI) কমে গেছে। তাই দেশীয় ও বর্তমান বিনিয়োগকারীদের মাধ্যমে নতুন বিনিয়োগ আকৃষ্ট করাটাই এখন বড় চ্যালেঞ্জ।”

ইউরোপীয় ইউনিয়ন, সুইজারল্যান্ড ও স্পেনের রাষ্ট্রদূতগণ এ ধরনের চুক্তিকে বাংলাদেশে শিল্পখাতে স্থিতিশীল গ্যাস সরবরাহ নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন এবং ভবিষ্যতেও বিনিয়োগ সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেন।

লাফার্জহোলসিমের প্রধান নির্বাহী মোহাম্মদ ইকবাল চৌধুরী জানান, এই চুক্তি শুধু কোম্পানির জন্য নয়, দেশের শিল্পখাত ও অর্থনৈতিক অগ্রগতির জন্যও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি বাংলাদেশে আরও বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল