
(১ বছর আগে) ২৫ জুন ২০২৫, বুধবার, ৩:০৬ অপরাহ্ন
বাগেরহাট:
“বিশ্ব পরিবেশ দিবসের আহ্বান, প্লাস্টিক দূষণের অবসান”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের মোংলায় পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস। এ উপলক্ষে বুধবার (২৫ জুন) উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে পাটের পলিথিন বিতরণ, র্যালি, বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান ও আলোচনা সভা।
সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে র্যালি শেষে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমী।
সভায় আরও উপস্থিত ছিলেন—
উপজেলা কৃষি অফিসার প্রশান্ত কুমার হাওলাদার
ওয়াটারকিপার্স বাংলাদেশের খুলনা বিভাগীয় সমন্বয়কারী নূর আলম শেখ
উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মাসুদ হোসেন
মহিলা বিষয়ক কর্মকর্তা ইশরাত জাহান
বিডি ক্লিন’র আবু হাসান
ইয়ুথ ফর সুন্দরবনস’র মোহাম্মদ শাহীন খলিফা
সহ বিভিন্ন সংগঠনের সদস্য ও পরিবেশ সচেতন নাগরিকরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, “সুন্দরবন, পশুর নদী ও উপকূলীয় অঞ্চল এখন প্লাস্টিক দূষণের হুমকির মুখে। সামুদ্রিক মাছ, মায়ের দুধ, এমনকি বৃষ্টির পানিতেও মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি মিলেছে। এই দূষণ বন্ধে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে।” তারা সিঙ্গেল ইউজ প্লাস্টিক নিষিদ্ধ করার আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমী বলেন, “পরিবেশবান্ধব বর্তমান সরকার প্লাস্টিক ও পলিথিন দূষণ রোধে নানা উদ্যোগ গ্রহণ করেছে। পাটের পলিথিনসহ বিকল্প ব্যাগ ব্যবহারে সরকার প্রণোদনা দিচ্ছে। এখন আমাদের সবার দায়িত্ব—প্লাস্টিক দূষণকে না বলা।
আলোচনা সভার আগে উপজেলা চত্বরে বৃক্ষরোপণ, র্যালি, এবং প্রতীকী পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিতদের মধ্যে পাটের তৈরি পরিবেশবান্ধব পলিথিন বিতরণ করা হয়।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মোংলায় আয়োজিত এই কর্মসূচিগুলো পরিবেশ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।