
(১ বছর আগে) ২৬ জুন ২০২৫, বৃহস্পতিবার, ৭:১৮ অপরাহ্ন
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন আজ বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে দেশের সাম্প্রতিক নির্বাচন পরিস্থিতি, নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখার উপায় এবং আগামীর জাতীয় নির্বাচন ঘিরে প্রস্তুতি নিয়ে দু’জনের মধ্যে আলোচনা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
প্রধান উপদেষ্টা নির্বাচন কমিশনের ভূমিকার প্রশংসা করেন এবং গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষায় নির্বাচন কমিশনের নিরপেক্ষ ও দৃঢ় অবস্থান অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
সিইসি এ এম এম নাসির উদ্দীন বলেন, “নির্বাচন কমিশন সংবিধান ও আইনের আলোকে দায়িত্ব পালনে বদ্ধপরিকর। নির্বাচনকে অংশগ্রহণমূলক, অবাধ ও নিরপেক্ষ করতে আমরা সব ধরনের প্রস্তুতি নিচ্ছি।
সাক্ষাৎ শেষে দু’জনই দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সাক্ষাতে প্রধান উপদেষ্টার দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।