banglahour

ব্রাহ্মণবাড়িয়ায় সম্পত্তি বিরোধে চাচার হাতের কব্জি কেটে দিল ভাতিজা

সারাদেশ | জহির রায়হান, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।

(১ বছর আগে) ২৬ জুন ২০২৫, বৃহস্পতিবার, ৭:২৬ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে এক চাচার হাতের কব্জি কেটে দিয়েছে তার ভাতিজা। বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে উপজেলার নাটঘর ইউনিয়নের চরিলাম গ্রামে এই নৃশংস ঘটনা ঘটে।

আহত রফিকুল ইসলাম (৬০) ওই গ্রামের মৃত আব্দুল মোত্তালিব মিয়ার ছেলে। এ ঘটনায় তার স্ত্রী ফারজানা ইসলাম (৪০)কেও কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। বর্তমানে তারা দুজনই ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

আহত রফিকুল ইসলাম জানান, পারিবারিকভাবে দীর্ঘদিন ধরে পুকুর ও জমির টাকা নিয়ে তার বড় ভাই শফিকুল ইসলামের সঙ্গে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার দুপুরে জমি থেকে ফিরে তিনি জানতে পারেন, ভাতিজা বায়জিদ সকাল থেকে দা হাতে ঘুরে বেড়াচ্ছে এবং হুমকি দিচ্ছে। কিছুক্ষণ পর তিনি ও তার স্ত্রী বাইরে এসে দেখতে পান, বড় ভাই শফিকুল, তার স্ত্রী ও ছেলে বায়জিদ দা ও বল্লম হাতে নিয়ে দাঁড়িয়ে আছে।

রফিকুল আরও জানান, “তারা প্রথমে আমার স্ত্রীকে মারধর করে। এরপর বায়জিদ দা দিয়ে আমার বাঁ হাতের কবজিতে আঘাত করে। কবজিটি কেটে আলাদা হয়ে ঘরের ভেতর ছিটকে পড়ে। পরে রক্তাক্ত অবস্থায় প্রতিবেশীদের সহায়তায় আমাদের হাসপাতালে নেওয়া হয়।”

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রফিকুলের পরিবার ন্যায়বিচারের দাবি জানিয়েছে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর ইসলাম জানান, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল