
(১ বছর আগে) ২৭ জুন ২০২৫, শুক্রবার, ৬:২৭ অপরাহ্ন
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চল পটুয়াখালীসহ আশপাশের জেলাগুলোর উপর দিয়ে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এরইমধ্যে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর কিছুটা উত্তাল হয়ে উঠেছে। এছাড়া বাতাসের চাপ বেড়ে যাওয়ায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।
পটুয়াখালী আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত একটি লঘুচাপের ফলে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর কারণে বঙ্গোপসাগরে সাগর কিছুটা উত্তাল রয়েছে এবং স্বাভাবিক জোয়ারের চেয়ে নদ-নদীতে পানির উচ্চতা কিছুটা বৃদ্ধি পেয়েছে।
পটুয়াখালী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখি বলেন, “পায়রাসহ দেশের চারটি সমুদ্রবন্দরকে ০৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উপকূলীয় অঞ্চলে মাছ ধরার ট্রলার ও নৌযানগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
এছাড়া, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া বিভাগ। একইসাথে দেশের ৭টি নদীবন্দরকে ০১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
উল্লেখ্য, গত দুই দিন ধরে পটুয়াখালী জেলায় থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। এতে জনজীবন কিছুটা ব্যাহত হলেও এখনো বড় ধরনের দুর্যোগের আশঙ্কা দেখা যায়নি। স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে।