banglahour

গ্লোবাল ডে অব অ্যাকশন পালিত রামপাল বিদ্যুৎ কেন্দ্র বন্ধের দাবি

সারাদেশ | মনিরুল ইসলাম দুলু ,প্রতিনিধি,বাগেরহাট ।

(১০ মাস আগে) ২৮ জুন ২০২৫, শনিবার, ১২:৩৭ অপরাহ্ন

সুন্দরবনবিনাশী কয়লা-চালিত রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র দ্রুত বন্ধের দাবি জানিয়ে ‘গ্লোবাল ডে অব অ্যাকশন’ পালিত হয়েছে বাগেরহাটের মোংলার মিঠাখালীতে।
শনিবার (২৮ জুন) সকালে পরিবেশবাদী সংগঠনগুলোর উদ্যোগে আয়োজিত সাইকেল র‌্যালির উদ্বোধনী সমাবেশে বক্তারা বলেন, “জীবাশ্ম জ্বালানিকে না বলুন, নবায়নযোগ্য জ্বালানিতে সরকারি অর্থায়ন নিশ্চিত করুন। আমরা ঋণ চাই না, চাই জলবায়ু ক্ষতিপূরণ।”

এ উপলক্ষে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন ‘সুন্দরবন রক্ষায় আমরা’ সংগঠনের নেতা মো. নাজমুল হক।
বক্তৃতা করেন জানে আলম বাবু, মো. হাছিব সরদার, মারুফ বিল্লাহ, মেহেদী হাসান বাবু, শেখ সিফাতুল্লাহ শুভ, মঈন গাজী, আরাফাত আমিন দূর্জয় প্রমুখ।

 সুন্দরবন রক্ষায় জলবায়ু ন্যায়বিচার দাবি

সভাপতির বক্তব্যে মো. নাজমুল হক বলেন, “জলবায়ু পরিবর্তন কেবল পরিবেশ নয়, এটি মানবাধিকারের প্রশ্ন। ধনীদের জন্য নয়—সাধারণ মানুষের অধিকার ও আকাঙ্ক্ষাকে অগ্রাধিকার দিয়ে পরিকল্পনা ও বিনিয়োগ করতে হবে। পরিবেশ ও জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকায় কয়লা বিদ্যুৎ কেন্দ্রের মতো প্রকল্প অপরাধের শামিল।

তিনি আরও বলেন, রামপাল বিদ্যুৎ কেন্দ্র শুধু সুন্দরবন নয়, গোটা দক্ষিণাঞ্চলের জীববৈচিত্র্য ও জনজীবনের জন্য হুমকি। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় ঋণ নয়, আমাদের প্রয়োজন আন্তর্জাতিক জলবায়ু ক্ষতিপূরণ ও সমানুপাতিক অর্থায়ন।


 আন্তর্জাতিক প্রেক্ষাপটে প্রতিবাদ

কানাডায় G7 সম্মেলন, জার্মানিতে UNFCCC-এর মধ্যবর্তী বৈঠক এবং স্পেনে জাতিসংঘের উন্নয়ন বিষয়ক সম্মেলনের প্রেক্ষাপটে এ বছর ‘গ্লোবাল ডে অব অ্যাকশন’ পালিত হচ্ছে বিশ্বজুড়ে। বাংলাদেশেও একইসঙ্গে স্থানীয় আন্দোলনকারীরা জলবায়ু ন্যায়বিচারের দাবি জানিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করছেন।

বক্তারা বলেন, “জলবায়ু সংকট বৈশ্বিক। গ্লোবাল সাউথ ক্ষতিগ্রস্ত হলেও দায় গ্লোবাল নর্থের। তাই তাদেরই দায়িত্ববোধ ও সম্পদের যথাযথ বণ্টনের মাধ্যমে পরিবেশ পুনরুদ্ধার নিশ্চিত করতে হবে।


 মূল দাবি :

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র অবিলম্বে বন্ধ

জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস

নবায়নযোগ্য শক্তিতে সরকারি ও বৈশ্বিক অর্থায়ন

জলবায়ু ক্ষতিপূরণ নিশ্চিতকরণ

জলবায়ু ন্যায্যতাকে মানবাধিকার হিসেবে স্বীকৃতি

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল