banglahour

সাবমেরিন ক্যাবল কাটায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রাঙ্গাবালী

অপরাধ | মনিরুল ইসলাম, প্রতিনিধি, কুয়াকাটা।

(১ বছর আগে) ৩০ জুন ২০২৫, সোমবার, ১২:৪৫ পূর্বাহ্ন

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় সাবমেরিন ক্যাবল কেটে চুরির চেষ্টা করায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়েছে। এতে রাঙ্গাবালী সদরসহ চারটি ইউনিয়নের অন্তত ২৫ হাজার গ্রাহক বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে চরম দুর্ভোগে পড়েছেন। স্থানীয়দের সহযোগিতায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।

শনিবার (২৮ জুন) রাত ১১টার দিকে উপজেলার গহিনখালী এলাকায় বুড়াগৌরাঙ্গ নদীর তলদেশে থাকা সাবমেরিন ক্যাবল কেটে ফেলা হয়। এতে তিন ফেইজ বিদ্যুৎ সরবরাহের মধ্যে একটি সচল এবং একটি অতিরিক্ত (ব্যাকআপ) ফেইজ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে, ফলে পুরো এলাকা বিদ্যুৎবিহীন হয়ে পড়ে।

পল্লী বিদ্যুৎ সমিতি রাঙ্গাবালী সাব-জোনাল অফিসের এজিএম প্রকৌশলী কাওসার আহম্মেদ বলেন, “ভোলা থেকে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ হতো। দুষ্কৃতকারীরা পরিকল্পিতভাবে দুটি ফেইজ কেটে ফেলেছে। এতে করে রাঙ্গাবালী সদর, ছোটবাইশদিয়া, বড়বাইশদিয়া ও মৌডুবি ইউনিয়নে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গলাচিপা উপজেলার পানপট্টি এলাকা থেকে একটি ট্রলারযোগে ছয় সদস্যের একটি চক্র এসে ওই রাতেই ক্যাবল কাটার কাজ শুরু করে। বিকট শব্দ শুনে স্থানীয়রা এগিয়ে গেলে চক্রের চার সদস্য পালিয়ে যায়। তবে দু’জনকে আটক করতে সক্ষম হয় স্থানীয়রা।

আটক ব্যক্তিরা হলেন:

জসিম মৃধা (৩৫) – গোবতের হাওলা গ্রাম, গলাচিপা উপজেলা।

জুয়েল মৃধা (২৫) – চররুস্তুম গ্রাম, চরমোন্তাজ ইউনিয়ন, রাঙ্গাবালী উপজেলা।
তারা সম্পর্কে চাচাতো ভাই।

জিজ্ঞাসাবাদে তারা জানায়, ভোলা জেলার ছয় সদস্যের একটি চক্র প্রায় তিন লাখ টাকার যন্ত্রপাতি নিয়ে সাবমেরিন ক্যাবল কাটার প্রস্তুতি নেয় এবং তাদের ট্রলার ভাড়া করে।

রাঙ্গাবালী থানার ওসি এমারৎ হোসেন বলেন, আটক দুইজনসহ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর। মামলা প্রক্রিয়াধীন।”

পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (অতিরিক্ত দায়িত্বে) আবুল কাশেম বলেন, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ চলছে। সোমবার রাতের মধ্যে বিদ্যুৎ চালু করার সর্বাত্মক চেষ্টা চলছে। ক্যাবল মেরামতের জন্য একটি বিশেষজ্ঞ দল রসদ নিয়ে কাল আসছে।

এ ঘটনায় এলাকাজুড়ে ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় জনজীবনে দেখা দিয়েছে চরম দুর্ভোগ।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল