
(১ বছর আগে) ৩০ জুন ২০২৫, সোমবার, ১:১৭ পূর্বাহ্ন
টাঙ্গাইলে মেধাবী শিক্ষার্থীদের ঘরে ঘরে গিয়ে উপহার সামগ্রী পৌঁছে দিচ্ছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। ব্যতিক্রমী এ উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ ও অনুপ্রেরণা ছড়িয়েছে।
২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণকারী বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা সদ্য অনুষ্ঠিত নির্বাচনী পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করায় তাদের বাসায় গিয়ে এই উপহারসামগ্রী তুলে দেন টুকু। উপহার হিসেবে শিক্ষার্থীরা পেয়েছেন শিক্ষা উপকরণ ও উৎসাহব্যঞ্জক স্মারক।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি মো. আজগর আলী, ও অন্যান্য নেতাকর্মীরা।
স্থানীয়রা বলছেন,এই প্রথম একজন জাতীয় নেতা ব্যক্তিগতভাবে বাসায় এসে মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা দিলেন। এটি খুবই প্রশংসনীয়। এমন উদ্যোগ আগামীতেও দেখতে চাই।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন,এই মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের উৎসাহ দেওয়া ও পাশে থাকা আমাদের দায়িত্ব। আমি চাই তারা আরও মনোযোগ দিয়ে পড়াশোনা করুক এবং দেশ ও জাতির জন্য কিছু করে দেখাক।
শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকরা এই উদ্যোগে আনন্দ প্রকাশ করে জানান, এর ফলে শিক্ষার্থীরা অনুপ্রাণিত হবে এবং সমাজে শিক্ষার প্রতি ইতিবাচক বার্তা যাবে।