
(১ বছর আগে) ৩০ জুন ২০২৫, সোমবার, ৪:৫৪ অপরাহ্ন
কিশোরগঞ্জের ভৈরবে স্কুলের অফিস রুমে ঢুকে প্রধান শিক্ষককে হেনস্তা ও মারধরের অভিযোগে ইউনিয়ন যুবলীগ নেতা মো. আজিম রানা ভূঁইয়ার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (৩০ জুন) দুপুরে ভুক্তভোগী প্রধান শিক্ষক এ কে এম মাসুদ ভৈরব থানায় এজাহার দাখিল করেন। মামলায় অভিযুক্ত করা হয়েছে গজারিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আজিম রানা ভূঁইয়াকে, যিনি পূর্বকান্দা গ্রামের মো. এলাছ উদ্দিন ভূঁইয়ার ছেলে।
মামলার বিবরণ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, রবিবার দুপুরে উপজেলার মানিকদী পূর্বকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম মাসুদ এবং দপ্তরি মিকাইল মিয়াকে বিদ্যালয়ের অফিস কক্ষে ঢুকে গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন অভিযুক্ত আজিম রানা।
ভুক্তভোগী শিক্ষক এ কে এম মাসুদ অভিযোগ করেন, “বিদ্যালয় বন্ধের দিন আজিম রানা স্কুলের পানির ট্যাঙ্ক থেকে অনুমতি ছাড়া পাইপ লাগিয়ে নিজের পুকুরে পানি নেয়। এতে পাম্প পুড়ে যায়। এ ঘটনায় তার মায়ের কাছে বিচার চাইতে গেলে সে ক্ষিপ্ত হয়ে রবিবার অফিস রুমে এসে গালিগালাজ শুরু করে এবং গলায় চেপে ধরে মারধর করে।
এসময় অন্যান্য শিক্ষকরা এসে অফিস রুম বন্ধ করে দেন এবং উপজেলা শিক্ষা কর্মকর্তাকে ফোনে অবহিত করলে তিনি পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষক মাসুদকে উদ্ধার করে।
ভৈরব উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ছিদ্দিকুর রহমান বলেন, বিদ্যালয়ের অফিস কক্ষে শিক্ষককে হেনস্তা ও মারধরের ঘটনাটি অত্যন্ত ন্যাক্কারজনক। এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার মো. ফুয়াদ রোহানী বলেন, “শিক্ষক মাসুদের দায়ের করা মামলায় অভিযুক্ত আজিম রানার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।
অভিযুক্ত যুবলীগ নেতা আজিম রানার মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।