
(১ বছর আগে) ২ জুলাই ২০২৫, বুধবার, ৩:৫৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৩:৫৯ অপরাহ্ন
তারুণ্যের উৎসব-২০২৫’ শীর্ষক কর্মসূচির আওতায় বাগেরহাটের মোংলায় দুর্যোগকালীন সময়ে উদ্ধার অভিযান ও অগ্নি নির্বাপণ প্রশিক্ষণ বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ জুলাই) সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের মোংলা বেইস এই কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় মোংলার বিভিন্ন স্থানীয় স্কুল ও কলেজের শিক্ষার্থী, কিশোর ও তরুণরা অংশগ্রহণ করে। তাদের প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কিত সচেতনতা তৈরি এবং অগ্নি নির্বাপণের উপর ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হয়।
কোস্ট গার্ড মোংলা বেইসের অধিনায়ক কমান্ডার মোদাসসেরুল হক জানান,বাংলাদেশ কোস্ট গার্ড প্রতিষ্ঠালগ্ন থেকে উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলে জনগণের জান-মাল রক্ষা, উদ্ধার অভিযান, ত্রাণ বিতরণ, চিকিৎসা সেবা ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করে আসছে। এ ধরনের প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে জনগণকে সচেতন ও প্রস্তুত করে তোলার কাজ করে যাচ্ছে সংস্থাটি।
তিনি আরও বলেন, ভবিষ্যতেও কোস্ট গার্ডের এই কার্যক্রম অব্যাহত থাকবে। উপকূলীয় অঞ্চলে যেকোনো জরুরি প্রয়োজনে জরুরি সেবা নিতে কল করুন: ১৬১১১ নম্বরে।