
(১ বছর আগে) ৪ জুলাই ২০২৫, শুক্রবার, ১২:৫৪ পূর্বাহ্ন
পটুয়াখালীর মৎস্যবন্দর মহিপুরে এক গৃহবধূর সঙ্গে অনৈতিক সম্পর্ক দেখার অভিযোগে দুই নারীকে মারধর ও কুপিয়ে আহত করার ঘটনা ঘটেছে। অভিযুক্ত হচ্ছেন ডালবুগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম আল আমিন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ডালবুগঞ্জ গ্রামের এক গৃহবধূর সঙ্গে দীর্ঘদিন ধরে আল আমিনের অনৈতিক সম্পর্ক চলছিল। ওই গৃহবধূর স্বামী ঢাকায় থাকার সুযোগে আল আমিন প্রায়ই তার বাড়িতে যাতায়াত করতেন। গত সোমবার রাতে গৃহবধূর বাড়ি থেকে ফেরার সময় প্রতিবেশী রেজবানু তাকে দেখে ফেলেন।
এ নিয়ে ক্ষিপ্ত হয়ে বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে আল আমিন তার সহযোগীদের নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে রেজবানু ও তার মা গোলবানুর ওপর হামলা চালায় বলে অভিযোগ উঠে। এতে গোলবানুর পায়ে মারাত্মক আঘাত লাগে। আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
আহত রেজবানু জানান, “আমি রাতে বাড়ির পাশে ছিলাম। দেখি আল আমিন ঐ বাড়ি থেকে বের হচ্ছে। জিজ্ঞেস করতেই সে রেগে গিয়ে আমাদের ওপর হামলা চালায়। আমার ও মায়ের হাতে-পায়ে আঘাত লেগেছে।
অভিযুক্ত ছাত্রদল নেতা আল আমিন অভিযোগ অস্বীকার করে বলেন, “আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে। আমি কারো সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িত নই এবং কাউকে মারধর করিনি।
এ বিষয়ে জানতে চাইলে মহিপুর থানা ছাত্রদলের সদস্য সচিব রেজাউল ইসলাম রেজা বলেন, “বিষয়টি সম্পর্কে আমরা অবগত নই। অভিযোগের সত্যতা যাচাই করে প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
মহিপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) অনিমেষ হালদার জানান, “এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”