
(১ বছর আগে) ৪ জুলাই ২০২৫, শুক্রবার, ৬:১৬ অপরাহ্ন
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের নিজস্ব ওয়েবসাইট www.paglamosque.org এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এখন থেকে দেশ-বিদেশের যে কেউ ঘরে বসে অনলাইনে বিকাশসহ বিভিন্ন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে পাগলা মসজিদে দান করতে পারবেন। একই সঙ্গে ওয়েবসাইটে পাওয়া যাবে মসজিদের ইতিহাস, নামাজের সময়সূচি ও অন্যান্য তথ্য।
শুক্রবার (৪ জুলাই) দুপুরে পাগলা মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে কিশোরগঞ্জের জেলা প্রশাসক (যুগ্মসচিব) ও পাগলা মসজিদ ও ইসলামিক কমপ্লেক্সের সভাপতি ফৌজিয়া খান ওয়েবসাইটটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় তিনি নতুন চালু হওয়া অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম ব্যবহার করে মসজিদে ৫ হাজার ৪০০ টাকা অনুদান দেন।
উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন পাগলা মসজিদের খতিব মাওলানা আশরাফ আলী।
এ সময় আরও উপস্থিত ছিলেন—
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মুকিত সরকার
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত
মসজিদ কমিটির সদস্য সচিব ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরশাদ মিয়া
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও জেলা আমীর অধ্যাপক মো. রমজান আলী
আল-জামিয়াতুল ইমদাদিয়ার মুহতামিম মাওলানা শাব্বির আহমাদ রশিদ
ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা সভাপতি হাফেজ মাওলানা আলমগীর হোসাইন তালুকদার
কিশোরগঞ্জ চেম্বারের পরিচালক দিলোয়ার হোসেন দিলু
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি ইকরাম হোসাইন
পাগলা মসজিদের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
কিশোরগঞ্জ শহরের পশ্চিমে হারুয়া এলাকায় নরসুন্দা নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদ শুধু জেলার নয়, বরং সারাদেশের মানুষের আবেগ ও ধর্মীয় অনুভূতির এক অনন্য প্রতীক।
মসজিদটির দানসিন্দুক খুললেই প্রায়শই কোটি টাকার অধিক অনুদান পাওয়া যায়, যা সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন অসংখ্য মানুষ এখানে দান করেন। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলেই এই মসজিদকে ঘিরে গর্ববোধ করেন।
ওয়েবসাইট উদ্বোধনের মাধ্যমে এবার নতুনভাবে মসজিদটির সাথে সম্পৃক্ত হতে পারবে সারাবিশ্বের মানুষ।