banglahour

ফকিরহাটে হ্যামকো গ্রুপের কারখানায় দুর্ধর্ষ ডাকাতি

অপরাধ | জামাল হোসেন বাপ্পা, প্রতিনিধি, বাগেরহাট।

(১ বছর আগে) ৫ জুলাই ২০২৫, শনিবার, ৩:৪৬ অপরাহ্ন

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় হ্যামকো গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের আওতাধীন এনজিন মেটাল ইন্ডাস্ট্রিজে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশধারী ১৫–২০ জনের ডাকাত দল অস্ত্রের মুখে নিরাপত্তাকর্মী ও শ্রমিকদের জিম্মি করে প্রায় এক কোটি টাকার কাঁচামাল লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।ডাকাতির ঘটনাটি ঘটেছে শুক্রবার (৪ জুলাই) রাত আনুমানিক ৮টার দিকে, ফকিরহাট উপজেলার টাউন-নওয়াপাড়া মহাসড়কের পাশে অবস্থিত কারখানাটিতে। ডাকাতদলটি রাতভর (প্রায় ৮ ঘণ্টা) কারখানায় অবস্থান করে এবং ভোর ৪টার দিকে দুটি ট্রাকে করে মালামাল নিয়ে পালিয়ে যায়।হ্যামকো গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের জেনারেল ম্যানেজার (অপারেশন) মো. সিদ্দিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ডাকাতদলটি কারখানার গুদামে মজুদ থাকা ১৫ টন অ্যালুমিনিয়াম বার, আড়াই টন তামার তার এবং ১ টন বৈদ্যুতিক তার লুট করে নিয়ে যায়, যা প্রতিষ্ঠানের উৎপাদন কাঁচামাল হিসেবে সংরক্ষিত ছিল।চোখেমুখে মাস্ক পরা ডাকাতরা নিরাপত্তারক্ষীদের অস্ত্রের মুখে জিম্মি করে ৭ জন নিরাপত্তাকর্মী ও ৪ জন শ্রমিককে বেঁধে রাখে এবং দেশীয় অস্ত্র প্রদর্শন করে সবাইকে ভীত-সন্ত্রস্ত করে তোলে বলে জানান প্রত্যক্ষদর্শী শ্রমিকরা।ঘটনার খবর পেয়ে রবিবার (৫ জুলাই) ভোরে ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক মীর এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. রবিউল ইসলাম শামীম ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত শুরু করেন।ওসি আবদুর রাজ্জাক মীর বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। একটি ডাকাত দল অস্ত্রের মুখে নিরাপত্তাকর্মী ও শ্রমিকদের বেঁধে রেখে মূল্যবান কাঁচামাল লুট করে নিয়ে গেছে। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। ক্ষতিগ্রস্ত কর্তৃপক্ষ লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশের পাশাপাশি গোয়েন্দা সংস্থাও বিষয়টি তদন্ত করছে বলে জানা গেছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল