
(১ বছর আগে) ৫ জুলাই ২০২৫, শনিবার, ৫:০৪ অপরাহ্ন
অন্তর্বর্তী সরকারের অর্থ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, “ব্যাংকে জমা রাখা কোনো গ্রাহকের টাকা হারাবে না। সরকার সব গ্রাহকের আমানত ফেরতের বিষয়ে অঙ্গীকারবদ্ধ।” তিনি জানান, খারাপ অবস্থায় থাকা ব্যাংকগুলোকে পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ইসলামী ব্যাংক তার একটি বড় উদাহরণ।শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা পরিষদ মিলনায়তনে ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।ড. সালেহ উদ্দিন বলেন, বাংলাদেশ ব্যাংকের নতুন ব্যাংক রেগুলেশন অ্যাক্টে প্রথম শর্তই হচ্ছে—গ্রাহকদের জমাকৃত টাকা ফেরত নিশ্চিত করা। কিছুটা সময় লাগবে, তবে কেউ তার আমানতের টাকা হারাবে না। বিগত সময়ে অনেকেই ব্যাংকের টাকা নিয়ে পালিয়ে গেছে, যা পৃথিবীর কোথাও এমনভাবে ঘটে না। এ পরিস্থিতি মোকাবিলায় সরকার এখন কঠোর।জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সম্পর্কিত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চলমান সংকট নিরসনে পাঁচ সদস্যের একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে। তারা ব্যবসায়ী ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করে কর কাঠামোসহ ভবিষ্যতের করনীতির সুপারিশ দেবে।বিদেশি বিনিয়োগ প্রসঙ্গে অর্থ উপদেষ্টা জানান, “আমদানি শুল্ক কমিয়ে বাংলাদেশে ব্যবসা সহজতর করার চেষ্টা চলছে। ইউরোপ ও আমেরিকার ট্যারিফ ডিভিশনে শুল্ক কমানোর প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীদের যেন ১০–১২টি দপ্তরে ঘুরতে না হয়, সে লক্ষ্যে সব অনুমোদন প্রক্রিয়া কেন্দ্রীভূত করার উদ্যোগ নেওয়া হয়েছে।সভায় ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. দিদারুল আলম, নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী, ও অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।