
(১ বছর আগে) ৭ জুলাই ২০২৫, সোমবার, ৮:১২ অপরাহ্ন
আজ যথাযোগ্য মর্যাদা, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর)-এর সুবর্ণ জয়ন্তী তথা ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। স্বাধীন বাংলাদেশে ১৯৭৫ সালের ৫ জুলাই গঠিত এই ঐতিহ্যবাহী রেজিমেন্টের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। সকালে পিজিআর সদর দপ্তরে পৌঁছালে মহামান্য রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি এবং পিজিআর কমান্ডার। রাষ্ট্রপতি কোয়ার্টার গার্ড পরিদর্শন শেষে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এবং রেজিমেন্টের অফিসার ও জেসিওদের সঙ্গে কুশল বিনিময় করেন। এরপর তিনি শহীদ ক্যাপ্টেন হাফিজ হলে পিজিআর-এর সদস্যদের উদ্দেশ্যে এক দরবারে বক্তব্য রাখেন। বক্তব্যের শুরুতে মহামান্য রাষ্ট্রপতি পিজিআর-এর সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সকলকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানান। তিনি মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের পাশাপাশি পিজিআর-এর ৫ জন শহীদ সদস্যসহ সকল প্রয়াত সৈনিকদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেন এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন। রাষ্ট্রপতি তাঁর বক্তব্যে পিজিআর সদস্যদের একাগ্রতা, পেশাদারিত্ব, শৃঙ্খলাবোধ ও নেতৃত্বের প্রতি অবিচল আনুগত্যের প্রশংসা করেন। তিনি অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করার জন্য নির্দেশ প্রদান করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন:নৌবাহিনী প্রধান এডমিরাল এম. নাজমুল হাসান, ওএসপি, এনপিপি, এনডিসি, এনসিসি, পিএসসি বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও), সিজিএস, কিউএমজি রাষ্ট্রপতির সচিব, প্রতিরক্ষা সচিব, সামরিক সচিবসহ সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।