
(১ বছর আগে) ৭ জুলাই ২০২৫, সোমবার, ৯:১০ অপরাহ্ন
নড়াইলের লোহাগড়ায় আন্তঃজেলা ডাকাতদলের মূলহোতা তুষার শেখ ও তার দ্বিতীয় স্ত্রী রোকেয়া বেগম জান্নাতকে গ্রেফতার করেছে র্যাব ও পুলিশ। রোববার (৬ জুলাই) রাত সাড়ে ৮টায় এক প্রেস ব্রিফিংয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম এই তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৫ জুলাই) রাত ২টার দিকে ঢাকার বিমানবন্দর এলাকা থেকে তুষার শেখকে গ্রেফতার করা হয়। তুষার লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের নোয়াগ্রামের ওয়াদুদ শেখের ছেলে। পরবর্তীতে তুষারের দ্বিতীয় স্ত্রী রোকেয়া বেগম জান্নাতকে নোয়াগ্রাম থেকে গ্রেফতার করা হয়। অভিযানে তাদের কাছ থেকে ২২ ক্যারেট স্বর্ণের ১১ আনা ৩ রতি ওজনের একটি চেইন, নগদ টাকা এবং ঘরের শোকেস থেকে দু’টি কানের দুল উদ্ধার করা হয়। ওসি আরও জানান, তুষারের বিরুদ্ধে ২০১৫ সালের ৩০ মে থেকে ২০২৪ সালের ৪ অক্টোবর পর্যন্ত লোহাগড়া থানায় চুরি ও ডাকাতির সাতটি মামলা রয়েছে। এছাড়াও অন্যান্য থানায় তার বিরুদ্ধে আরও মামলা আছে কি না, তা যাচাই করে দেখা হচ্ছে।এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।