
(১ বছর আগে) ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার, ৮:০৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৮:০৫ অপরাহ্ন
পঞ্চগড়ের বোদা উপজেলার চার ছাত্রদল নেতাকে বহিষ্কারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে বোদা উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়।
মিছিলে অংশগ্রহণকারীরা “জীবন ভাইয়ের বহিষ্কার মানি না, মানবো না, ইমন ভাইয়ের বহিষ্কার মানি না, মানবো না অবৈধ বহিষ্কার বাতিল কর, চার নেতার পুনর্বহাল চাই ইত্যাদি স্লোগানে প্রকম্পিত করে তোলে শহরের রাজপথ।
পরে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বোদা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রায়হানুল আলম প্রধান রিয়েল, পৌর ছাত্রদলের সদস্য সচিব রাকিবুল আহসান রম্য, পাথরাজ সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক আবু সাইদ প্রামাণিক, সদস্য সচিব মাজেদুর সরকার মুন্না প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, গত ৬ জুলাই বোদা উপজেলার সাকোয়া বাজার এলাকায় কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি মাসুদ রানা রিয়াজকে কিছু বয়স্ক ব্যক্তি মারধর করেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। কিন্তু অভিযুক্তরা কোনো ছাত্রদল কর্মী নন এবং ঘটনাস্থলে ছাত্রদলের কোনো পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন না।
বক্তারা দাবি করেন, এই ঘটনার সঙ্গে কোনো সংশ্লিষ্টতা না থাকা সত্ত্বেও বোদা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জীবন সরকার, পৌর ছাত্রদলের সভাপতি নাজমুল ইমনসহ চার নেতাকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলকভাবে বহিষ্কার করা হয়েছে। তারা অবিলম্বে বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানান।
তারা বলেন, নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে সত্য উদঘাটন করতে হবে। যদি তারা দোষী প্রমাণিত হন, তাহলে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক। তবে দোষ প্রমাণ না হলে বহিষ্কার সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে এবং প্রয়োজনে বহিষ্কারের পেছনে যাদের ইন্ধন আছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে।
বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, চার নেতাকে পুনর্বহাল না করা হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।