
(১ বছর আগে) ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার, ৯:৫৬ অপরাহ্ন
শরীয়তপুরের সুরেশ্বর দরবারের কথিত পীর সৈয়দ তৌহিদুল হোসাইন শাহীন নূরী ও তার সহযোগীদের বিরুদ্ধে হত্যাচেষ্টা এবং মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে ময়মনসিংহের শম্ভুগঞ্জ এলাকার এক ভুক্তভোগী পরিবার। আজ মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী সারোয়ার জাহান রায়হান। তিনি জানান, কথিত পীরের অনৈতিক কর্মকাণ্ড ও নারী কেলেঙ্কারির বিভিন্ন প্রমাণ তার হাতে আসায়, গত ১২ মে পীর ও তার সহযোগীরা আগ্নেয়াস্ত্রসহ তার বাড়িতে হামলা চালিয়ে হত্যার চেষ্টা করে। এতে তার পরিবারের সদস্যরা আহত হন এবং স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তিনি আরও জানান, পরদিন কোতোয়ালী মডেল থানায় মামলা দায়েরের পর পীরের লোকজন মীমাংসার প্রস্তাব ও ভয়ভীতি প্রদর্শন করতে থাকে। কিন্তু এতে রাজি না হওয়ায় ১৮ মে শরীয়তপুরের নড়িয়া থানায় তার বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করা হয়। এরপর ২৩ মে তাকে গ্রেফতার করে শম্ভুগঞ্জ থেকে নিয়ে যায় পুলিশ। জামিনে মুক্তি পাওয়ার পরও এখনো তিনি ও তার পরিবার হত্যার হুমকি এবং মামলা প্রত্যাহারের চাপের মুখে রয়েছেন। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা ও স্থানীয়রা উপস্থিত ছিলেন। তারা জানান, এখন পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে এবং প্রশাসনের কাছে তারা প্রকৃত দোষীদের গ্রেফতারের দাবি জানান।