
(১ বছর আগে) ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১১:৪২ অপরাহ্ন
ফাইনালের উত্তেজনা, কিন্তু পরিণতি সেই পুরনো। টপ অর্ডারে ধস, মিডল অর্ডারে ভঙ্গুরতা শেষ পর্যন্ত ৯৯ রানের বড় ব্যবধানে হেরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজও শ্রীলঙ্কার কাছে হারাল বাংলাদেশ।
সোমবার পাল্লেকেলেতে সিরিজের তৃতীয় ও নির্ধারণী ওয়ানডে ম্যাচে টসে জিতে ব্যাটিং নেয় স্বাগতিক শ্রীলঙ্কা। অধিনায়ক কুশল মেন্ডিসের দুর্দান্ত সেঞ্চুরি (১২৪) এবং মধ্যভাগে ধারাবাহিক ব্যাটিংয়ে ৫০ ওভারে ২৮৫ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে লঙ্কানরা।
বাংলাদেশের পক্ষে তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ ২টি করে উইকেট নেন। তবে শুরুর দিকেই সুবিধা আদায় করতে না পারায় বোলাররা ম্যাচে কোনো সময়েই চাপ সৃষ্টি করতে পারেননি।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধসে পড়ে বাংলাদেশের টপ অর্ডার। তামিম, ইমন ও শান্ত তিন ওপেনারই ব্যর্থ। মিডল অর্ডারেও ছিল না তেমন প্রতিরোধ। একমাত্র তৌহিদ হৃদয় ৫১ রানের ইনিংস খেলে কিছুটা আশার আলো দেখান, কিন্তু বাকিরা ব্যর্থ। বাংলাদেশ অলআউট হয়ে যায় ৩৯.৪ ওভারে মাত্র ১৮৬ রানে।
ফলে ৯৯ রানের বড় পরাজয় এবং ২–১ ব্যবধানে সিরিজও হারতে হয় টাইগারদের।
এই হারে আরও একবার স্পষ্ট হয়ে উঠলো, ব্যাটিং লাইনআপে ঘাটতি এখনও প্রবল। ম্যাচের গুরুত্ব বাড়লেই চাপ নিতে না পারা, ইনিংস ধরে খেলার ব্যর্থতা এবং দায়িত্বশীলতার অভাব বারবারই কাল হয়ে দাঁড়াচ্ছে। সামনে এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো বড় মঞ্চ। তার আগে এই হার হতে পারে চোখে আঙুল দিয়ে দেখানো এক নির্মম সতর্কবার্তা।