
(১ বছর আগে) ৯ জুলাই ২০২৫, বুধবার, ৩:১৮ অপরাহ্ন
সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ময়মনসিংহে পরিবহন চালকদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। “আইন মেনে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি” স্লোগানে এ কর্মশালাটি বুধবার সকালে নগরীর পাটগুদাম ব্রিজ বাসস্ট্যান্ড শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের যৌথ আয়োজনে এবং বাংলাদেশ সেনাবাহিনীর পৃষ্ঠপোষকতায় এই কর্মশালায় ট্রাফিক বিভাগ ও বিআরটিএ’র ময়মনসিংহ সার্কেল সহযোগিতা করে। প্রশিক্ষণে শতাধিক বাস ও ট্রাকচালক অংশগ্রহণ করেন।
জেলা মোটর মালিক সমিতির কার্যকরী সভাপতি আবু সাঈদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মোমেনশাহী সেনানিবাসের মেজর জায়েদ। এছাড়াও কর্মশালায় বক্তব্য রাখেন সেনাবাহিনীর ক্যাপ্টেন নাহিদ ও ক্যাপ্টেন নাহিয়ান, জেলা ট্রাফিক পরিদর্শক জহিরুল ইসলাম, বিআরটিএ সহকারী পরিচালক আবু নাঈম, জেলা মোটরযান কর্মচারী ইউনিয়নের সভাপতি মোজাম্মেল হক মানিক এবং সহ-সভাপতি আজহারুল ইসলাম হারুন।
বক্তারা বলেন, চালকদের ট্রাফিক আইন মেনে চলার অভ্যাস গড়ে তোলা, যানবাহনের নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা এবং মানবিক দৃষ্টিভঙ্গিতে যাত্রীসেবা দেওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে। তারা আরও বলেন, সড়কে শৃঙ্খলা রক্ষা এবং দুর্ঘটনা কমাতে এই ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অত্যন্ত জরুরি।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী চালকদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে নানা নির্দেশনা ও দিকনির্দেশনা প্রদান করা হয়।