
(১ বছর আগে) ১০ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ২:৫৮ অপরাহ্ন
বিকাশ, নগদসহ বিভিন্ন ডিজিটাল মাধ্যমে প্রতারণার অভিযোগে সিলেট মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) অভিযানে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
সম্প্রতি দেশে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে প্রতারণা বাড়তে থাকায়, এসএমপি কমিশনার মোঃ রেজাউল করিম পিপিএম (সেবা) নির্দেশনায় মহানগর গোয়েন্দা বিভাগ অভিযান জোরদার করে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, ৮ জুলাই ২০২৫ তারিখে প্রতারক চক্র সিলেট মহানগর ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন নগদ এজেন্ট দোকানে গিয়ে গ্রাহকের টাকা পাঠানোর সময় চালাকির মাধ্যমে দোকানদারদের পিন সংগ্রহ করে। পরে সেই পিন ব্যবহার করে ডিজিটাল মাধ্যমে একাধিক ই-ট্রানজাকশনের মাধ্যমে দোকানদারের একাউন্ট থেকে টাকা তুলে নেয় প্রতারকরা।
এ ঘটনায় ভুক্তভোগী সৌরভ রায় শুভ এবং মো. সাইদুর রহমান জানান, মদিনা মার্কেট ও শাহজালাল গেইটে তাদের দোকান থেকে যথাক্রমে ৩০ হাজার ও ৪৯ হাজার টাকা প্রতারণার মাধ্যমে তুলে নেয়া হয়।
ঘটনার পর মহানগর গোয়েন্দা বিভাগ একাধিক টিমে বিভক্ত হয়ে অভিযান পরিচালনা করে। কোতোয়ালি থানাধীন হযরত শাহজালাল (রহঃ) মাজার এলাকা থেকে গ্রেফতার করা হয় মূল প্রতারক দুইজনকে:
মোঃ ওসামন গনি (২১), পিতা-মোঃ হোসাইন, গ্রাম: চিকনীপাড়া, ইউনিয়ন: কালারমারছড়া, মহেশখালী, কক্সবাজার।
মোঃ ফরহাদ আহম্মদ (২২), পিতা- আলী আহম্মদ, গ্রাম: সোনারপাড়া, ইউনিয়ন: কালারমারছড়া, মহেশখালী, কক্সবাজার।
তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয়:
স্যামসাং, ভিভো ও অনার ব্র্যান্ডের ৩টি অ্যান্ড্রয়েড ফোন
২টি বাটন ফোন
১২টি মোবাইল সিমকার্ড
নগদ ২ লাখ ৭৩ হাজার টাকা
ডিবি সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামিরা পরিকল্পিত প্রতারণা ও সাইবার অপরাধে জড়িত। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এসএমপি গোয়েন্দা বিভাগ জানায়, ডিজিটাল প্রতারণা রোধে এমন অভিযান চলমান থাকবে।