banglahour

সিলেট বোর্ডে এসএসসি পাসের হার ও জিপিএ-৫ কমেছে

শিক্ষা | সিলেট প্রতিনিধি ।

(১ বছর আগে) ১০ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ৬:৩৫ অপরাহ্ন

২০২৫ সালের এসএসসি পরীক্ষায় সিলেট শিক্ষাবোর্ডে পাসের হার এবং জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা উভয়ই কমেছে।
বোর্ডে গড় পাসের হার দাঁড়িয়েছে ৬৮ দশমিক ৫৭ শতাংশ, যা গত বছরের তুলনায় ৪ দশমিক ৭৮ শতাংশ কম। এবার জিপিএ-৫ পেয়েছে মাত্র ৩ হাজার ৬১৪ জন শিক্ষার্থী— আগের বছরের তুলনায় যা ১ হাজার ৮৫৭ জন কম।

শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, এ বছর মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ৩ হাজার ১৩১ জন। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছে ১ লাখ ২ হাজার ২১৯ জন, আর পাস করেছে ৭০ হাজার ৯১ জন।

বোর্ড চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন চৌধুরী বলেন, “গণিত ও ইংরেজি বিষয়ে পাসের হার উল্লেখযোগ্যভাবে কম ছিল। বিশেষ করে মানবিক বিভাগে ফেল করা শিক্ষার্থীর হার তুলনামূলক বেশি।

তিনি আরও জানান, হাওরাঞ্চল ও প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলের অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে দক্ষ গণিত ও ইংরেজি শিক্ষকের অভাব রয়েছে। সেই সঙ্গে শিক্ষার্থীদের বিদেশমুখী প্রবণতা, অমনযোগিতা এবং শিক্ষকদের পর্যাপ্ত দিকনির্দেশনার অভাবও ফলাফল খারাপ হওয়ার পেছনে বড় কারণ।

তবে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “সব কিছু বিবেচনায় সার্বিক ফলাফলে আমরা মোটামুটি সন্তুষ্ট। যেসব বিষয়ে দুর্বলতা রয়েছে, সেগুলো চিহ্নিত করে ভবিষ্যতে উন্নয়নের উদ্যোগ নেওয়া হবে।

উল্লেখ্য, গত বছর সিলেট বোর্ডে পাসের হার ছিল ৭৩ দশমিক ৩৫ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ৫ হাজার ৪৭১ জন শিক্ষার্থী।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল