banglahour

ফরিদপুরে রাজন হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড

অপরাধ | ফরিদপুর প্রতিনিধি ।

(১ বছর আগে) ১০ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ৬:৩৯ অপরাহ্ন

ফরিদপুরের মধুখালী উপজেলার শাহ মো. রাজন হত্যা মামলায় পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে ফরিদপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক অশোক কুমার রায় এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন—মির্জা মাঝারুল ইসলাম মিলন, আরমান হোসেন, মামুন শেখ, আসাদ শেখ (পলাতক) ও ইলিয়াস মৃধা। রায় ঘোষণার সময় পলাতক আসামি আসাদ শেখ ছাড়া বাকিরা আদালতে উপস্থিত ছিলেন।

একই মামলার অপর দুই আসামি হাসান শিকদার ও আশরাফুল শিকদারকে বেকসুর খালাস দিয়েছে আদালত।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. রকিবুল ইসলাম জানান, ২০১৪ সালের ২৭ মার্চ বিকেলে গোন্দারদিয়া গ্রামের শা. মো. রফিকুল ইসলামের ছেলে শাহ মো. রাজনকে অপহরণ করে হত্যা করে আসামিরা। পরে মরদেহ মাটি চাপা দিয়ে পুকুর পাড়ে লুকিয়ে রাখা হয়।

ছয় দিন পর আসামিদের স্বীকারোক্তির ভিত্তিতে ওই স্থান থেকে রাজনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

ঘটনার পর নিহত রাজনের মা জোসনা বেগম বাদী হয়ে মধুখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত, সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে আদালত এ রায় ঘোষণা করে।


উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল