banglahour

যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য আলোচনা: মার্কিন বাণিজ্য প্রতিনিধির সঙ্গে বৈঠকে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন

বিশ্ব | তাহিরুল ইসলাম, বিশেষ প্রতিনিধি, ঢাকা ।

(১ বছর আগে) ১১ জুলাই ২০২৫, শুক্রবার, ১:৪১ পূর্বাহ্ন

চলমান শুল্ক আলোচনা ও দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক জোরদারের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর) অ্যাম্বাসাডর জেমিসন গ্রিয়ারের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন।

বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১১টায় ওয়াশিংটন ডিসিতে ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভের (USTR) অফিসে এই উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বিদ্যমান বাণিজ্য সম্পর্ক, পণ্য ও সেবাবাণিজ্যের উপর শুল্ক কাঠামো, মেধাস্বত্ব, কৃষি, শ্রম, পরিবেশ, বিনিয়োগ এবং ডিজিটাল ইকোনমি বিষয়ক একাধিক ইস্যুতে আলোচনা হয়। উভয় পক্ষই পারস্পরিক স্বার্থে সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণের ব্যাপারে সম্মতি প্রকাশ করে।

এই বৈঠকটি ছিল তিনদিনব্যাপী দ্বিতীয় রাউন্ডের শুল্ক আলোচনার দ্বিতীয় দিনের অংশ। বৈঠক পরিচালনায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। তাঁর সঙ্গে ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান (যিনি ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হন), প্রধান উপদেষ্টার আইসিটি ও টেলিযোগাযোগ বিষয়ক বিশেষ সহকারী ফাইজ আহমেদ তাইয়্যেব এবং বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

যুক্তরাষ্ট্রের পক্ষে আলোচনায় অংশ নেন ইউএসটিআর ছাড়াও কৃষি, শ্রম, পরিবেশ, অর্থ, বিনিয়োগ ও উদ্ভাবন সংক্রান্ত সংস্থাগুলোর প্রতিনিধিরা।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ৯টায় আলোচনা আবার শুরু হয় এবং তা শুক্রবার পর্যন্ত চলবে।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই আলোচনার মধ্য দিয়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্কে একটি নতুন গতি সঞ্চার হতে পারে, যা দুই দেশের অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল