
(১ বছর আগে) ১১ জুলাই ২০২৫, শুক্রবার, ২:১৫ অপরাহ্ন
গাইবান্ধার গোবিন্দগঞ্জে দশম শ্রেণির শিক্ষার্থী আনিছা খাতুনকে ধর্ষণ ও আত্মহত্যায় প্ররোচিত করার অভিযোগে অভিযুক্ত জিহাদ ও তার পরিবারের সদস্যদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী।
বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে শালমারা ইউনিয়নের ডাকুমারা বাজারে দামগাছা গ্রামবাসীর আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন শিক্ষার্থী, নারী-পুরুষ ও আনিছার স্বজনরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন আনিছার বাবা আনিছুর রহমান, মা রূপতারা বেগম, মামা সিমারুল ইসলাম এবং এলাকাবাসীর পক্ষে ফরহাদ হোসেন প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, পচারিয়া গ্রামের জুয়েলের ছেলে জিহাদ (১৮) প্রেমের প্রলোভন দেখিয়ে আনিছার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলে এবং তাকে অন্তঃসত্ত্বা করে। কিন্তু পরে বিয়ের দাবি জানালে জিহাদ তা এড়িয়ে যায়। তার বাবা জুয়েল ও মা ডলি বেগমের পরামর্শে আনিছাকে গালিগালাজ করে এবং মানসিক নির্যাতন চালায়। একপর্যায়ে তারা আত্মহত্যার জন্য উসকানিমূলক কথাও বলে বলে অভিযোগ করেন স্বজনরা।
বাধ্য হয়ে আনিছা গত ৪ জুলাই নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
এলাকাবাসীর দাবি, এই নির্মম ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি হোক যাতে আর কোনো কিশোরী এভাবে প্রাণ না হারায়।
মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়।এ বিষয়ে স্থানীয় প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেও এলাকাবাসীর ক্ষোভ এখনও প্রশমিত হয়নি।