banglahour

মিডফোর্ডে ব্যবসায়ী হত্যার প্রতিবাদে ধামরাইয়ে ‘জনসাধারণ’ ব্যানারে এনসিপি-জামায়াতের বিক্ষোভ মিছিল

অপরাধ | মো: সাফায়েত খান ওপেল, প্রতিনিধি, ধামরাই (ঢাকা)।

(১ বছর আগে) ১২ জুলাই ২০২৫, শনিবার, ৭:৪৯ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:২২ পূর্বাহ্ন

রাজধানীর মিডফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী সোহাগকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে ঢাকার ধামরাইয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জামায়াতে ইসলামী ও বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে ‘জন সাধারণ, ধামরাই’ ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে ধামরাই উপজেলার বাজার রোড এলাকায় আয়োজিত এই বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রায় অর্ধ শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। তারা ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না’, ‘চাঁদাবাজদের কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘মিডফোর্ডে হত্যা কেন, প্রশাসন জবাব দে’, ‘এক দুই তিন চার, চাঁদাবাজরা দেশ ছাড়’, ‘আমার সোনার বাংলায় চাঁদাবাজদের ঠাঁই নাই’ সহ বিভিন্ন স্লোগান প্রদান করেন।

উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, ৫ আগস্টের পর থেকে দেশে ব্যাপকভাবে বেড়েছে চাঁদাবাজি, হত্যাকাণ্ড ও ধর্ষণ। এ ধরনের পরিস্থিতি স্বাধীনতার স্বপ্নের পরিপন্থী। তারা বলেন, অপরাধীদের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা রাস্তায় থেকে আন্দোলন চালিয়ে যাবেন। অপরাধীদের কঠোর শাস্তি ও ফাঁসির দাবি জানানো হয়।

বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা জেলা শাখার সভাপতি মাওলানা আশরাফ আলী বলেন, মিডফোর্ডে চাঁদাবাজির কারণে ঘটে যাওয়া নির্মম হত্যাকাণ্ড সমাজের জন্য এক মর্মান্তিক ঘটনা। তিনি প্রশাসনের কাছে জোর দাবি জানান, ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকারীদের আইনের আওতায় আনা হোক, যাতে কোনও রাজনৈতিক দলের প্রভাব এতে প্রবেশ করতে না পারে। জনগণকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির ধামরাই উপজেলা আহ্বায়ক ইসরাফিল খোকন বলেন, গত ১০ মাসে দেশের যে অবস্থা সৃষ্টি হয়েছে তা মেনে নেওয়া যায় না। তিনি বর্তমান সরকারকে সতর্ক করে বলেন, যদি ভবিষ্যতে আরও কেউ মারা যায়, তাহলে তাদের পতন অনিবার্য হবে।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম সমন্বয়কারী উজ্জ্বল হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আসাদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান, জামায়াতে ইসলামীর সোমাভাগ ইউনিয়ন সেক্রেটারি রাজু আহমেদসহ অন্যান্য নেতাকর্মীরা।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল