
(১ বছর আগে) ১৩ জুলাই ২০২৫, রবিবার, ৮:৫৩ অপরাহ্ন
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের নিকুছড়ি সীমান্ত এলাকায় মর্মান্তিক মাইন বিস্ফোরণের ঘটনায় মোঃ হোসেন (৩৩) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। বিস্ফোরণে তার বাম পা সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে যায়।রবিবার (১৩ জুলাই) দুপুরে ৪২ ও ৪৩ নম্বর সীমান্ত পিলারের মাঝামাঝি স্থানে বাঁশ কাটতে গেলে এ দুর্ঘটনা ঘটে। আহত হোসেন কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের পাড়া পাতাবাড়ি গ্রামের বাঁচা মিয়ার ছেলে।পরিবার সূত্রে জানা গেছে, হোসেন প্রতিদিনের মতো সীমান্ত সংলগ্ন পাহাড়ি এলাকায় বাঁশ কাটতে গিয়েছিলেন। হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে, তখনই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।আহতের মামা জসিম উদ্দিন জানান, "আমরা ধারণাও করিনি সেখানে মাইন থাকতে পারে। বাঁশ কাটতে গিয়েই হঠাৎ বিস্ফোরণ ঘটে, সঙ্গে সঙ্গে হোসেনের পা উড়ে যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, “এটি একটি দুঃখজনক ও গুরুত্বপূর্ণ ঘটনা। সীমান্ত এলাকায় অতিরিক্ত সতর্কতা প্রয়োজন। প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।স্থানীয় প্রশাসন এবং নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু হয়েছে। সীমান্ত এলাকায় মাইন থাকার আশঙ্কায় স্থানীয়দের অতিরিক্ত সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।