
(১ বছর আগে) ১৩ জুলাই ২০২৫, রবিবার, ৯:০৬ অপরাহ্ন
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কোয়ালিকান্দি গ্রামে শনিবার গভীর রাতে দুর্বৃত্তরা একটি ঘরে ঢুকে এক কলেজছাত্রকে জবাই করে হত্যা করেছে এবং একই পরিবারের আরেক জনকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করেছে। নিহত মাসুদ প্রামানিক মাদারগঞ্জ উপজেলার কোয়ালিকান্দি গ্রামের সম্রাট প্রামানিকের ছেলে। তিনি তেঘরিয়া শাহেদ আলী স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন। গুরুতর আহত রুবেল প্রামানিক একই গ্রামের আলতাফুর প্রামানিকের পুত্র। মাদারগঞ্জ থানার ওসি মোঃ সাইফুল্লাহ সাইফ জানান, শনিবার রাতে মাসুদ ও রুবেল একসঙ্গে একই ঘরে ঘুমাচ্ছিলেন। দুর্বৃত্তরা রাতের অন্ধকারে ঘরের দরজা ভেঙে প্রবেশ করে মাসুদকে জবাই করে হত্যা করে এবং রুবেলকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। নিহত ও আহত দুইজনই বিদেশগমন প্রস্তুতি নিচ্ছিলেন। পুলিশকে খবর পেয়ে রোববার দুপুরে নিহত মাসুদ প্রামানিকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। গুরুতর আহত রুবেল প্রামানিককে ২৫০ শয্যার জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। স্থানীয়রা এই নৃশংস ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং দ্রুত বিচার দাবি করেছেন।