
(১ বছর আগে) ১৪ জুলাই ২০২৫, সোমবার, ১২:১৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১০:৪৭ অপরাহ্ন
ময়মনসিংহের ভালুকা উপজেলায় তালাবদ্ধ একটি ঘর থেকে মা ও দুই শিশুর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ জুলাই) সকালে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের ভরাডোবা এলাকার একটি বাড়ি থেকে এই লাশগুলো উদ্ধার করা হয়। নিহতরা হলেন—আনজুমান আরা (৩২) ও তার দুই শিশু সন্তান—মেয়ে ফাতেমা (৭) ও ছেলে রাহুল (৫)। তারা স্থানীয় একটি পোশাক কারখানায় কর্মরত শ্রমিক পরিবারের সদস্য। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে প্রতিবেশীরা ঘরের দরজা বন্ধ দেখে সন্দেহ হয়। অনেক ডাকাডাকির পরও কোনো সাড়া না পেয়ে তারা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে ঘরের তালা ভেঙে ভেতরে ঢুকে তিনজনের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে। ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হুমায়ুন কবীর জানান, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। ধারণা করা হচ্ছে, রাতে কোনো এক সময় ঘুমন্ত অবস্থায় তাদের হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ ও কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে পারিবারিক বিরোধ কিংবা পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে দেখছে পুলিশ। এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।