
(১ বছর আগে) ১৪ জুলাই ২০২৫, সোমবার, ৩:২০ অপরাহ্ন
ময়মনসিংহের ভালুকা পৌর শহরে ঘটেছে হৃদয়বিদারক এক হত্যাকাণ্ড। টিএন্ডটি মোড় এলাকার একটি বাসা থেকে সোমবার (১৪ জুলাই) সকালে এক গার্মেন্টসকর্মীর স্ত্রী ও দুই শিশুসন্তানের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন—রফিক উদ্দিনের স্ত্রী ময়না বেগম (২৫), মেয়ে রাইসা আক্তার (৪) এবং ছেলে নীরব (২)। ভালুকা মডেল থানার ওসি মো. হুমায়ুন কবীর জানান, রফিক উদ্দিন স্থানীয় একটি গার্মেন্টসে কাজ করেন এবং রাতে ভালুকার রাসেল মিলে ডিউটি করছিলেন। সকালে বাসায় ফিরে মূল ফটক ও তার কক্ষ বাইরে থেকে তালাবদ্ধ পান। তালা ভেঙে ঘরে ঢুকে তিনি বিছানায় স্ত্রী ও সন্তানদের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনটি মরদেহ উদ্ধার করে। পাশেই রফিকুলের ভাই নজরুল ইসলামের কক্ষে তল্লাশি চালিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি রক্তমাখা দা উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে, পারিবারিক কলহের জেরে নজরুল ইসলাম এই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়ে পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারের জন্য অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছেন ওসি হুমায়ুন কবীর।মরদেহগুলো ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় চরম শোক ও উত্তেজনা বিরাজ করছে।