banglahour

মুজিববাদী সংবিধানের নতুন পাহারাদার বিএনপি : নাহিদ ইসলাম

রাজনীতি | মুজাহিদ প্রিন্স, পটুয়াখালী, প্রতিনিধি।

(১ বছর আগে) ১৪ জুলাই ২০২৫, সোমবার, ৬:১০ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১০:০৪ অপরাহ্ন

বিএনপি এখন মুজিববাদী সংবিধানের নতুন পাহারাদার হয়ে উঠেছে" এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, “বিএনপি আজ সন্ত্রাসী ও চাঁদাবাজে পরিণত হয়ে মুজিববাদের রক্ষাকর্তা হিসেবে আবির্ভূত হয়েছে। আর আমরা গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশ থেকে মাফিয়া দুর্নীতিবাজ সিস্টেম বদলাতে গিয়ে নানা ষড়যন্ত্রের শিকার হচ্ছি। 

সোমবার (১৪ জুলাই) দুপুরে জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র ১৪তম দিনে পটুয়াখালীতে আয়োজিত পদযাত্রা শেষে পথসভায় এসব কথা বলেন তিনি। শহরের সার্কিট হাউজ থেকে শুরু হয়ে নিউমার্কেট, লঞ্চঘাট, চকবাজার, পুরান বাজার, বনানী হয়ে পুনরায় সার্কিট হাউজের সামনে এসে পদযাত্রাটি পথসভায় মিলিত হয়। নাহিদ ইসলাম অভিযোগ করে বলেন, “আমলাতন্ত্র, সেনাবাহিনী, ডিজিএফআই এমনকি সোশ্যাল মিডিয়ার নিয়ন্ত্রিত শক্তি এখনো গণঅভ্যুত্থানের বিরুদ্ধে কাজ করছে। তারা নেতৃত্বের মধ্যে বিভাজন তৈরি করে আমাদের দুর্বল করতে চায়। কিন্তু আমরা জনতার শক্তি দিয়ে এ ষড়যন্ত্রের জবাব দেবো। তিনি আরও বলেন, “ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পরও নতুন রূপে আবির্ভূত হয়েছে আরেক দল—বিএনপি। যারা দুর্নীতি, চাঁদাবাজি এবং মুজিববাদী সংবিধানের পক্ষে অবস্থান নিয়েছে। তারা এখন আন্দোলনের স্বপ্নভঙ্গ ঘটাতে মরিয়া। নাহিদ ইসলাম ঘোষণা দেন, আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে  জুলাই সনদ  ঘোষণা করা হবে। বিপ্লবের পক্ষে এবং ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে যারা, তাদের সঙ্গে সেখানে দেখা হবে,  বলেন তিনি।পথসভায় সভাপতিত্ব করেন জাতীয় নাগরিক পার্টির পটুয়াখালী জেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা।
বক্তব্য দেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, আরিফুল ইসলাম আদীব, তাসনিম জারা প্রমুখ।পদযাত্রা ও পথসভা উপলক্ষে পুরো পটুয়াখালী শহরজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। শহরের প্রধান সড়কগুলো রঙিন ব্যানার, ফেস্টুন, তোরণ ও পতাকায় সজ্জিত করা হয়। পথসভা শেষে এনসিপি নেতারা জুলাই আন্দোলনের শহীদ পরিবার ও আহতদের খোঁজখবর নেন। পরে জেলা কার্যালয়ের উদ্বোধন শেষে বরগুনার উদ্দেশ্যে রওনা দেন। এনসিপির এ ভাষ্য রাজনীতিতে নতুন মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে। মুজিববাদ-বিরোধী অবস্থান ও বিএনপির প্রতি প্রকাশ্য বিরূপ মন্তব্য রাজনীতিতে ভিন্ন কণ্ঠস্বর হিসেবে নজর কাড়ছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল