
(৯ মাস আগে) ১৪ জুলাই ২০২৫, সোমবার, ৬:১৬ অপরাহ্ন
রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসকের অবহেলায় মোঃ শাজাহান মৃধা (৬২) নামে এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। সোমবার (১৪ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে। মৃত্যুর পর স্বজনরা হাসপাতালে বিক্ষোভ শুরু করলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিবারের অভিযোগ, শ্বাসকষ্টজনিত সমস্যায় সকালে অসুস্থ হয়ে পড়লে শাজাহান মৃধাকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। অক্সিজেন দেওয়ার পর কিছুটা উন্নতি হলেও এক চিকিৎসক এসে অক্সিজেন খুলে ফেলেন। এরপরই রোগীর মৃত্যু ঘটে বলে দাবি স্বজনদের। নিহত শাজাহান মৃধা রাজবাড়ী পৌরসভার ভবানীপুর এলাকার কেসমত আলী মৃধার ছেলে। তিনি রাজবাড়ী জজ কোর্টের পাংশা আদালতে সেরেস্তাদার হিসেবে কর্মরত ছিলেন। এর আগে দীর্ঘদিন কোর্টের পেশকার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর মৃত্যুতে রাজবাড়ীর বিচারিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। শাজাহান মৃধার শ্যালক অ্যাডভোকেট নজরুল ইসলাম লাবলু বলেন সকালে হাসপাতালে ভর্তি করার পর অক্সিজেন পেয়ে তিনি সুস্থ অনুভব করছিলেন। কিন্তু এক চিকিৎসক এসে অক্সিজেন খুলে দেন। এর কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান। এটা স্পষ্ট চিকিৎসাগত গাফিলতি। এ বিষয়ে রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এসএমএ হান্নান বলেন, মৃত্যুর কারণ সম্ভবত হার্ট অ্যাটাক ও শ্বাসকষ্ট। তবে চিকিৎসকের বিরুদ্ধে অবহেলার অভিযোগ ওঠায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। স্বজনরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানালেও এখন পর্যন্ত কোনো মামলা হয়নি বলে জানা গেছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে হাসপাতাল কর্তৃপক্ষ ও জেলা স্বাস্থ্য বিভাগকে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।