
(১ বছর আগে) ১৫ জুলাই ২০২৫, মঙ্গলবার, ৪:১৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৪:১৯ অপরাহ্ন
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বলাসুতী গ্রামে জমি বিরোধকে কেন্দ্র করে বসতঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক পক্ষের বিরুদ্ধে। ঘটনার শিকার একটি পরিবার থানায় লিখিত অভিযোগ দিয়েছে। গত রোববার (১৩ জুলাই) এ ঘটনা ঘটে। অভিযোগে জানা যায়, মৃত তমেজ আলীর ছেলে শফিকুল ইসলাম ও তার সন্তান মিজানুর রহমান, আমিনুর রহমান এবং ওমেদ আলীর ছেলে রাসেল মিয়া নেতৃত্বে একদল লোক হামলা চালায় শান্তি বেগম ও নূরজাহান বেগমের বসতঘরে।প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্বপরিকল্পিতভাবে ভাড়াটে লোকজন নিয়ে হামলা চালিয়ে দুটি ঘর একেবারে ভেঙে ফেলা হয়। ভাঙচুরের পাশাপাশি ঘর থেকে ভ্রাম্যমাণ দোকানের প্রায় ৫০ হাজার টাকার শুটকি মাছ, ৬০ হাজার টাকার স্বর্ণালঙ্কার ও নগদ ৫০ হাজার টাকা লুটে নেয় হামলাকারীরা। পাশের আরেকটি ঘর থেকে আরও প্রায় ২ লাখ ৩০ হাজার টাকার স্বর্ণালংকার নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। বাধা দিতে গেলে হামলাকারীরা লাঠি ও কাঠ দিয়ে হুমকি দেয় এবং প্রাণনাশের ভয় দেখায় বলে অভিযোগ রয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে, তবে পরিবারটি এখনো নিরাপত্তাহীনতায় ভুগছে। স্থানীয় ইউপি সদস্য মনিফা বলেন,গরিব মানুষের ঘরবাড়ি এভাবে ধ্বংস করা অত্যন্ত অমানবিক। দোষীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার হওয়া উচিত। ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহিদুল্লাহ জানান, লিখিত অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে এবং সাধারণ মানুষ দ্রুত বিচার ও আইনি পদক্ষেপের দাবি জানিয়েছে।