
(১ বছর আগে) ১৫ জুলাই ২০২৫, মঙ্গলবার, ৮:০৪ অপরাহ্ন
দেশজুড়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ নষ্ট এবং বিভিন্ন গুপ্ত সংগঠনের পরিকল্পিতভাবে মব সৃষ্টি করে অস্থিরতা তৈরির অপচেষ্টার প্রতিবাদে পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। মঙ্গলবার (১৫ জুলাই) বিকেল ৪টায় স্থানীয় পৌরসভা চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। মিছিলে নেতৃত্ব দেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি ও বরিশাল বিভাগীয় মনিটরিং টিমের দায়িত্বপ্রাপ্ত নেতা হাজী নাসির উদ্দিন মোল্লা। সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন,
সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু,
জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনি,
সদস্য সচিব মো. তৌহিদুল ইসলাম তৌহিদ,
সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নাদিম শেখ,
যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম শিকদার সজলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দেশের শিক্ষাঙ্গন ও যুবসমাজকে বিপথে ঠেলে দিতে একটি বিশেষ মহল ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তারা পরিকল্পিতভাবে শিক্ষার পরিবেশ ধ্বংস করে অস্থিতিশীলতা তৈরি করতে চায়। এসব গুপ্ত সংগঠনের ষড়যন্ত্র রুখে দিতে দেশের সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে স্বেচ্ছাসেবক দল রাজপথে সক্রিয় থাকবে, বলেন বক্তারা। বক্তারা আরও জানান, দেশের সার্বিক স্থিতিশীলতা বজায় রাখতে এবং ষড়যন্ত্রকারীদের মোকাবিলায় তারা ঐক্যবদ্ধভাবে কাজ চালিয়ে যাবেন।