banglahour

ফরিদপুরে পদযাত্রায় অংশ নিতে খুলনা ত্যাগ করলেন এনসিপির কেন্দ্রীয় নেতারা

রাজনীতি | ব্যুরো প্রধান, খুলনা।

(১ বছর আগে) ১৭ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ৪:১২ অপরাহ্ন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা ফরিদপুরে পদযাত্রা ও পথসভা কর্মসূচিতে অংশ নিতে খুলনা ত্যাগ করেছেন। ছাত্রলীগের হামলার পর গোপালগঞ্জ থেকে খুলনায় আশ্রয় নেওয়া এসব নেতারা বুধবার (১৬ জুলাই) সন্ধ্যায় খুলনায় এসে সার্কিট হাউজ ও হোটেল সিটি ইন-এ রাত্রিযাপন করেন।

বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল ১০টায় তারা যশোর হয়ে ফরিদপুরের উদ্দেশে রওনা হন। এনসিপির খুলনা মহানগর মুখ্য সমন্বয়ক আহম্মদ হামিম রাহাত বিষয়টি নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় নেতাদের বহরে রয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, উত্তরাঞ্চল সমন্বয়ক সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, দক্ষিণাঞ্চল সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহসহ আরও অনেক কেন্দ্রীয় ও স্থানীয় নেতা।

পার্টি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় ফরিদপুর সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে জনতা ব্যাংকের মোড় পর্যন্ত পদযাত্রা করবে এনসিপি। পরে জনতা ব্যাংক মোড়ে এক পথসভা অনুষ্ঠিত হবে। ফরিদপুরের পর রাজবাড়ী ও মানিকগঞ্জ জেলাতেও একই ধরনের কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

নৌবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারির মধ্যেই এনসিপি নেতারা খুলনা ত্যাগ করেন। এর আগে তারা দ্বিতীয়বারের মতো খুলনায় এসেছিলেন, যেখানে সংবাদ সম্মেলন এবং কর্মী-সমর্থকদের সঙ্গে মতবিনিময় করেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল