
(১ বছর আগে) ১৭ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ৭:১৬ অপরাহ্ন
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের জ্ঞানপাড়া টহল ফাঁড়ির সদস্যরা বিশেষ অভিযানে ১০ কেজি হরিণের মাংসসহ দুই পাচারকারীকে আটক করেছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বাবুরহাট বাজার এলাকায় দাঁড়িয়ে থাকা রাজীব পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে এসব মাংসসহ পাচারকারীদের আটক করা হয়।
আটককৃতরা হলেন—বাগেরহাট জেলার কচুয়া উপজেলার জোনাব আলীর ছেলে আঃ ছালাম (৪০) এবং মোরেলগঞ্জ উপজেলার ছোট পরী গ্রামের মোঃ বারেক হাওলাদারের ছেলে মোঃ জাকারিয়া (২৫)।
জ্ঞানপাড়া টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, সুন্দরবন থেকে শিকার করা হরিণের মাংস ঢাকায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। ওই তথ্যের ভিত্তিতে মঠবাড়িয়ার বাবুরহাট বাজার সংলগ্ন এলাকায় দাঁড়িয়ে থাকা রাজীব পরিবহন (ঢাকা মেট্রো-ব-১৫-৭৪৩১) বাসে তল্লাশি চালানো হয়।
তল্লাশির সময় বাসের সাইট বক্সে লুকানো অবস্থায় একটি বস্তাবন্দী ককসিট থেকে ১০ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই পাচারের সঙ্গে জড়িত দুইজনকে হাতেনাতে আটক করা হয়।
এ বিষয়ে বন আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলার পর আটক ব্যক্তিদের বাগেরহাট আদালতে পাঠানো হবে বলেও জানান ওই বন কর্মকর্তা।