
(১ বছর আগে) ১৭ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ৯:৩০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:৩১ অপরাহ্ন
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, যারা মব কালচারের মধ্যে থাকে, ডাকাতি, চুরি, চাঁদাবাজির সঙ্গে যাদের সম্পৃক্ততা রয়েছে তারা কেউই বিএনপির সদস্য হতে পারবে না। বিএনপি চায় ভদ্র, শান্তিপ্রিয় ও সৎ মানুষদের নিয়ে রাজনীতি করতে। বৃহস্পতিবার বিকেলে ধামরাইয়ের শরীফবাগ এলাকায় নতুন সদস্য সংগ্রহ, সদস্য নবায়ন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশালীন প্রচারণার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রিজভী আরও বলেন,
এক ফ্যাসিস্টকে দমন করতে গিয়ে ধর্মের নামে আরেক ফ্যাসিস্ট যদি কড়া নাড়ে, জনগণ তা মেনে নেবে না। যারা গণতন্ত্রের কথা বলে, তাদের হাতে যদি আবার নতুন ধরনের দমন-পীড়নের ছক থাকে, তাহলে জনগণ সে ফাঁদে আর পা দেবে না।তিনি অভিযোগ করেন, শেখ হাসিনা নিজেই প্রকাশ্যে বলেছিলেন, যারা আন্দোলন করছে তাদের শেষ করে দাও। সেই বক্তব্য আবার ভাইরাল হয়েছে। এটি এডিট করা নয় বিবিসির মতো আন্তর্জাতিক গণমাধ্যমও তা যাচাই করেছে এবং নিশ্চিত হয়েছে, এটি শেখ হাসিনার কণ্ঠস্বর। তিনি আরও বলেন, যিনি দেশের সন্তানদের পিটিয়ে, গুলি করে মাটিতে মিশিয়ে দেওয়ার নির্দেশ দিতে পারেন, তিনি যে কতটা রক্তপিপাসু, তা জনগণ জানে।সমাবেশে সভাপতিত্ব করেন ধামরাই উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব তমিজ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশরাফ, জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতানা আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।