
(১ বছর আগে) ১৮ জুলাই ২০২৫, শুক্রবার, ১১:৫৪ পূর্বাহ্ন
পটুয়াখালীর কলাপাড়ায় একটি লেক থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩৮) লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৮ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়া গ্রামের টেন্ডলের ঘোঝা সংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে লেকের পানিতে একটি মরদেহ ভেসে থাকতে দেখে স্থানীয়রা। নিহত যুবকের পরনে ছিল কালো রঙের প্যান্ট ও গেঞ্জি। পরে তারা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশকে জানায়। খবর পেয়ে কলাপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
তবে এখন পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে লাশের শরীরে কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পুলিশ বলছে, এটি হত্যা না-কি স্বাভাবিক মৃত্যু, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল ইসলাম জানান, মরদেহের পরিচয় শনাক্ত ও মৃত্যুর রহস্য উদঘাটনে তদন্ত চলছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।