
(১ বছর আগে) ১৮ জুলাই ২০২৫, শুক্রবার, ১২:০৫ অপরাহ্ন
জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে পঞ্চগড়ে প্রতীকী ম্যারাথন ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) সকালে এ কর্মসূচির আয়োজন করে জেলা যুব উন্নয়ন অধিদপ্তর। জেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
সকালে সরকারি অডিটোরিয়াম চত্বর থেকে শুরু হয়ে প্রতীকী ম্যারাথন শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে যুব উন্নয়ন অধিদপ্তর চত্বরে গিয়ে শেষ হয়। এতে অংশ নেন জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের সদস্য, জুলাই যোদ্ধা, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।
পরে যুব উন্নয়ন অধিদপ্তরের হলরুমে অনুষ্ঠিত স্মরণসভায় বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সুমন চন্দ্র দাস, অতিরিক্ত পুলিশ সুপার শইমী ইমতিয়াজ, সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট রীনা পারভীন, জেলা জামায়াতের আমির অধ্যাপক ইকবাল হোসাইন, এনপিপির সমন্বয়কারী তানবিরুল বারী নয়ন, জুলাই যোদ্ধা নাহিদ আহসান আবির এবং শহীদ সুমন ইসলামের বোন মোছা. মনি বেগম।
বক্তারা বলেন,জুলাই বিপ্লব আমাদের মাঝে চির স্মরণীয় হয়ে থাকবে। এই বিপ্লবের চেতনা আমাদের বিভেদ ভুলে একটি বৈষম্যহীন রাষ্ট্র গঠনের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করতে উদ্বুদ্ধ করে।অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মাকছুদুর কবীর।