banglahour

গোবিন্দগঞ্জে অপহরণ মামলার আসামি ছিনিয়ে নিতে হামলা

অপরাধ | গোপাল মোহন্ত, প্রতিনিধি, গাইবান্ধা

(১ বছর আগে) ১৮ জুলাই ২০২৫, শুক্রবার, ৭:৩০ অপরাহ্ন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে অপহরণ মামলার প্রধান আসামিকে ছিনিয়ে নিতে অপহরণকারীর স্বজন ও সহযোগীরা র‍্যাবের ওপর হামলা চালিয়েছে। এ ঘটনায় ৭ র‌্যাব সদস্য আহত হয়েছেন। পরে র‌্যাবের সদস্যরা ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অপহৃত কিশোরী শারিয়া মোস্তারিনকে (১৩) উদ্ধার এবং অভিযুক্ত অপহরণকারী লিয়ন বাবু (২২) ও তার দুই সহযোগীকে গ্রেফতার করে।ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাতে উপজেলার কামারদহ ইউনিয়নের নয়াপাড়া গ্রামে।
আহত র‌্যাব সদস্যদের মধ্যে রয়েছেন—আমিনুল ইসলাম, মেহেদী হাসান, রিফাত হোসেনসহ আরও চারজন। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের নায়েব সুবেদার মো. নওশের জানান, গোবিন্দগঞ্জ উপজেলার গুমানিগঞ্জ ইউনিয়নের কুড়িপাইকা গ্রামের বাসিন্দা শাহীন মিয়ার স্কুলছাত্রী মেয়ে শারিয়া মোস্তারিনকে অপহরণের অভিযোগে মামলা দায়ের করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা নয়াপাড়া গ্রামে অভিযান চালিয়ে অপহৃতাকে উদ্ধার এবং মূল অভিযুক্ত লিয়ন বাবুকে গ্রেফতার করে। তবে গ্রেফতারের পর লিয়নের সহযোগী ও স্বজনরা লাঠি-সোটা, ইট-পাটকেল ও ধারালো অস্ত্র নিয়ে র‌্যাবের ওপর অতর্কিতে হামলা চালায় এবং সদস্যদের অবরুদ্ধ করে ফেলে। আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরা ফাঁকা গুলি ছুঁড়ে হামলাকারীদের ছত্রভঙ্গ করে। পরে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ও অতিরিক্ত র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে এসে অবরুদ্ধ সদস্যদের উদ্ধার করে।র‌্যাব সদস্যদের ওপর হামলার ঘটনায় নান্নু ইসলাম (২১), তাজু মিয়া (৩২) ও অপহরণকারী লিয়ন বাবুকে আটক করা হয়। তারা সবাই উপজেলার চাঁদপুর ও চাঁদপাড়া গ্রামের বাসিন্দা।গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম জানান, আটককৃতদের প্রাথমিক চিকিৎসা শেষে থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সরকারি কাজে বাধা, আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার অভিযোগে নামীয় ৩৫ জন ও অজ্ঞাত ৫০-৬০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।উদ্ধারকৃত কিশোরী ও গ্রেফতারকৃতদের পরবর্তী আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল